বর্ষা বিদায়ের পরও কি বৃষ্টি হবে পুজোয়, কবে কেমন বৃষ্টি, পূর্বাভাস পাওয়া গেল
বাংলা থেকে এবারের মত বর্ষা বিদায় প্রায় সম্পূর্ণ। তাহলে তো পুজোয় ঝলমলে দিন থাকার কথা। পুরো পুজোয় না হলেও পুজোয় বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে।
বাংলা থেকে বর্ষা পাততাড়ি গোটালেও এখনও বৃষ্টি পিছু ছাড়ছে না। এবার বর্ষার প্রবেশ থেকে বিদায়ের মধ্যে কলকাতা এবং পুরো রাজ্য বর্ষায় গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি বৃষ্টি পেয়েছে। তাই এল নিনো-র জেরে বৃষ্টিতে ঘাটতির অভিযোগ অন্তত এ রাজ্যের নেই। এমনকি এবার একটা সময়ের পর রাজ্যবাসী বৃষ্টিতে এতটাই জেরবার ছিলেন যে আর বৃষ্টি চাইছিলেন না।
এদিকে পুজোর আগেই বর্ষা বিদায় হলেও পুজোয় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। চতুর্থীতেই বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস হল চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীর প্রথম দিনে কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলায় পঞ্চমী ও ষষ্ঠীর দিনের জন্য একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে পুরো পুজো জুড়ে না হলেও বৃষ্টি কিন্তু হবে।
উত্তরবঙ্গে তুলনায় বৃষ্টি প্রায় নেই বললেই চলে। পুজো উত্তরবঙ্গের বেশ ভালই কাটতে চলেছে। ঝলমলে থাকবে আকাশ। কেবল দার্জিলিং ও কালিম্পংয়ে ষষ্ঠী ও সপ্তমীর ২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। জলপাইগুড়িতে ষষ্ঠী ও সপ্তমী এবং আলিপুরদুয়ারে সপ্তমীর দ্বিতীয় দিনের জন্য একই পূর্বাভাস থাকছে।
যে নিম্নচাপটি নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেটি দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হওয়ায় সেখানে কিন্তু পুজোর দিনগুলোয় ভারী বৃষ্টি হতে চলেছে।











