মহালয়ায় বৃষ্টির সম্ভাবনা কতটা, এই সপ্তাহে কেমন বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরে কবে কোথায় কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মহালয়ায় বৃষ্টি হবে কিনা তাও জানা গেল।
একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে। যার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গেও। মঙ্গলবারও ঝলমলে রোদ ছিলনা।
আবহাওয়া দফতর জানাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই ৫ দিনে রাজ্য থেকে বর্ষা বিদায় প্রক্রিয়াও চলবে।
এদিকে বুধবার থেকে রাজ্যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। যা চলবে শুক্রবার পর্যন্ত। বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি বাড়াতে পারে।
শনিবার মহালয়া। তাহলে কি মহালয়ায় আকাশ পরিস্কারই থাকছে? বৃষ্টি হচ্ছেনা? আবহবিদেরা কিন্তু তেমন আশ্বাস দিচ্ছেন না। বরং মহালয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছেন তাঁরা।
মহালয়ার পাশাপাশি শনিবার হল পুজোর আগে কার্যত শেষ সপ্তাহান্ত। শেষ বেলায় শনি ও রবিবার তাই পুজোর বাজারের একটা ভিড় তো থাকবেই। সেখানে বৃষ্টি পুজোর বাজারের তাল কাটতে পারে। তবে পুজোর বাজার বাঙালির বৃষ্টির মধ্যেই কাটে। তাই হালকা বা মাঝারি বৃষ্টি পুজোর বাজারের আনন্দে ভাটা ফেলতে পারবেনা।
এবার পুজো দেরিতে। অক্টোবরের মধ্যভাগও পার করে। তা সত্ত্বেও বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। পুজোর দিনগুলোয় বৃষ্টি হবে কিনা তা অবশ্য এখনও খুব পরিস্কার নয়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।











