State

ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে সে প্রশ্ন সকলের। অসহ্য গরম নাকি অপেক্ষাকৃত কম গরমে ভাল আবহাওয়া, পূর্বাভাসে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ। ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। পুরোটাই দক্ষিণবঙ্গে। এখন যে চাঁদিফাটা গরম আর গলদঘর্ম অবস্থায় নাজেহাল দক্ষিণবঙ্গবাসী তা স্থায়ী হলে ভোটের লাইনে দীর্ঘ অপেক্ষা কম কষ্টের হবেনা।

এই গরম সহ্য করতে হলে কিছু মানুষের অসুস্থ হয়ে পড়া অসম্ভব নয়। ছাতা মাথায় দিয়েও অসহ্য গরম বাধ মানছে না। ভোট দিতে গিয়ে এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, নাকি আবহাওয়া অপেক্ষাকৃত ভাল থাকবে? এ প্রশ্ন সকলের। আবহাওয়া দফতর তার পূর্বাভাসে কিন্তু স্বস্তির বার্তাই দিয়েছে। যা ভোটারদের মন ভাল করতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। তবে তা বাড়বে রবিবার থেকে। রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা সহ বাকি জেলায় ঝড়বৃষ্টি হবে। রয়েছে হলুদ সতর্কতা। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

কলকাতা সহ বাকি জেলাতেও ঝড়বৃষ্টি হবে। মঙ্গলবার ভোটের আগের দিন হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য রয়েছে কমলা সতর্কতা। ঝড়বৃষ্টি হবে কলকাতা সহ অন্য জেলাগুলিতেও।

এবার আসা যাক ভোটের দিন অর্থাৎ বুধবারের আবহাওয়ায়। পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় কমলা সতর্কতা না থাকলেও ঝড়বৃষ্টির জন্য সব জেলাতেই হলুদ সতর্কতা থাকছে। তার মানে রবিবার থেকে টানা প্রতিদিনই দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এরফলে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে পারদ পতনও হবে। সর্বোচ্চ তাপমাত্রা রবিবার থেকে তারপর ৫ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি নামবে। যা ভোটারদের জন্য যেমন খুশির খবর, তেমনই ভোটকর্মীদের জন্যও।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *