National

বাস থামল জঙ্গলের কাছে, নেমে গেলেন পুরুষরা, বাস থেকে ভেসে এল সদ্যোজাতের কান্না

বাসযাত্রীদের সহায়তার এক মানবিক উদাহরণ হয়ে রইল এক কন্যার জন্ম বৃত্তান্ত। বাস থেমে গেল জঙ্গলের কাছে। নেমে গেলেন পুরুষরা। কান্নার শব্দ ভেসে এল বাস থেকে।

একটি বাস ছুটে চলেছিল রাজপথ ধরে। সে বাসে অন্য যাত্রীদের সঙ্গে সফর করছিলেন এক সন্তানসম্ভবা নারী। একা নন। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের লোকজনও। চলন্ত বাসে আচমকাই ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। যাত্রীদের নজর যায় সেদিকে।

যাত্রীরা সকলেই চেঁচিয়ে বাস থামানোর জন্য বলেন। বাস চালকও বিষয়টি জানতে পেরে রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে দেন। বাসটি যাচ্ছিল অসমের গুয়াহাটি থেকে ডিব্রুগড়।

মাঝে কাজিরাঙার কাছে বাসটি রাস্তার ওপরই দাঁড়িয়ে পড়ে। এদিকে প্রসব যন্ত্রণা এমন পর্যায়ে পৌঁছে যায় যে অনেকেই বুঝতে পারেন অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত বোধহয় অপেক্ষার সময় নেই।

বাসে থাকা পুরুষ যাত্রীরা বাস থেকে একে একে নেমে যান। বাসের মহিলারা ওই মহিলাকে ঘিরে নেন। অ্যাম্বুলেন্সে বাস চালক ততক্ষণে খবর দিয়ে দিয়েছিলেন। কিন্তু তা আসতে একটা সময় নেবে। সে সময় পাওয়া যায়নি। বাসের মধ্যেই অন্য যাত্রীদের সহায়তায় ওই মহিলা সন্তানের জন্ম দেন।

কন্যাসন্তান প্রসব করেন তিনি। পৃথিবীর আলো দেখার পর সদ্যোজাতের প্রথম কান্না অন্য যাত্রীদের আপ্লুত করে। এরপর অ্যাম্বুলেন্স এলে ওই মহিলা ও তাঁর সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মা ও সন্তান ২ জনই ভাল আছেন। বাস যাত্রীদের এক অত্যন্ত মানবিক আচরণের সাক্ষী হয়ে রইল এই কন্যাসন্তানের বাসে জন্মলাভ। খবরটি নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সকলেরই দৃষ্টি আকর্ষণ করে এই সংবাদ।

Show Full Article