মধ্যরাতে রকেট পাঠাচ্ছে ইসরো, মহাকাশ থেকে পথ দেখাবে ভারতীয় প্রযুক্তি
দেশের মধ্যে এবং দেশের আশপাশে পথ দেখিয়ে দেওয়ার কাজ হবে মহাকাশ থেকে। সে যন্ত্র নিয়েই মধ্যরাতে মহাকাশে পাড়ি ইসরোর রকেটের।
রাত ১১টা ৫১ মিনিটে মহাকাশে পাড়ি দেবে ইসরোর রকেট জিএসএলভি-এফ১৮। যার পেটে চেপে মহাকাশে পৌঁছে যাবে একটি ন্যাভিগেশন স্যাটেলাইট। নাম এনভিএস-০৩। ভারতের সেকেন্ড জেনারেশন ন্যাভিগেশন স্যাটেলাইটের এটি হবে তৃতীয় উড়ান। যাকে তার নির্ধারিত অবস্থানে পৌঁছে দেবে জিএসএলভি-এফ১৮ রকেট।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা-র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেবে রকেটটি। রাতের অন্ধকারের বুক চিরে তার তীব্র আলোর রোশনাইতে রকেটটি পাড়ি দেবে আকাশে।
যা রাতের অন্ধকারে আরও স্পষ্টভাবে নজর কাড়বে। আকাশ পরিস্কার থাকলে মহাকাশের পথে উড়ে যাওয়ার সময় অনেক দূর থেকে নজর কাড়বে ভারতের এই রকেট।
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আণবিক ঘড়ি থাকবে এই এনভিএস-০৩ ন্যাভিগেশন স্যাটেলাইটে। সহজ করে বললে এই কৃত্রিম উপগ্রহটির কাজ হবে নির্ভুলভাবে ভারতের যে কোনও প্রান্তে দিক নির্দেশ।
ঠিক কোন জায়গায় কেউ রয়েছেন তাও এই যন্ত্রই আকাশ থেকে জানিয়ে দেবে। শুধু ভারতের সীমানার মধ্যেই নয়, তার বাইরেও কাজ করবে এই উপগ্রহটি। ভারতের সীমানার আশপাশে দেড় হাজার কিলোমিটার এলাকা জুড়ে তার ব্যাপ্তি।
সেখানেও সে একইভাবে দিক নির্দেশ করতে সক্ষম। ভারতের বাইরেও দেড় হাজার কিলোমিটার এলাকায় এর পরিষেবা পাওয়া যাবে। অবশ্যই ইসরোর জন্য এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে।
সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারত যে মহাকাশ বিজ্ঞানে ক্রমশ এগিয়ে চলেছে তার নবতম উদাহরণ হতে চলেছে এই কৃত্রিম উপগ্রহটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











