বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে শুকিয়ে যাওয়া রাজস্থানে প্রবল বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টিও, জারি সতর্কতা
অন্ধ্রপ্রদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করা ঘূর্ণিঝড় অর্ণবের জেরে একটানা শুকোতে থাকা রাজস্থানের মাটি ভিজে একসা। এত বৃষ্টি যে আবহাওয়া দফতর সতর্কতাও জারি করেছে।
অন্ধ্রপ্রদেশ দিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশ ও লাগোয়া ওড়িশার অনেক ক্ষতিও হয়েছে এই ঝড়বৃষ্টির জেরে। অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এটা তো হতেই পারে। কারণ ওই ২ রাজ্যের ওপরই ঝাপটা এসে পড়েছে। কিন্তু তার জেরে সিকিমে তুষারপাত যেমন মানুষকে কিছুটা অবাক করেছে, তেমনই রাজস্থানে প্রবল ঝড়বৃষ্টি।
দেশের একদম অন্য প্রান্তের একটি ঘূর্ণিঝড় যে তার ঠিক উল্টো প্রান্তের একটি রাজ্যে এভাবে বৃষ্টি ঝরাতে পারে তা অনেকের কাছেই বেশ চমকপ্রদ। কিন্তু ঘূর্ণিঝড় অর্ণব-এর জেরে রাজস্থানে প্রবল ঝড়বৃষ্টি চলছে। অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
রাজস্থানে এবার বর্ষায় বৃষ্টি কম হয়েছে। যার ফলে রাজস্থানের অনেক জায়গায় এবার খরা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। গরমও বাড়ছিল। সব মিলিয়ে একটা এমন অবস্থা তৈরি হয়েছে যে আবহাওয়া দফতরের তরফে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে এই ঝড়বৃষ্টির জেরে জয়পুর সহ অনেক জায়গায় কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এই ঝড়বৃষ্টির জেরে রাজস্থানের অনেক জায়গায় পারদ পতন হয়েছে এক ধাক্কায়।
রাজস্থানের ২০টি জেলায় একদিনের ব্যবধানে সর্বোচ্চ পারদ ৫ ডিগ্রি নেমে গিয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে ১০ ডিগ্রি পর্যন্তও। এই পরিস্থিতি রাজস্থানের সার্বিক খরা পরিস্থিতির উন্নতি কতটা করতে পারে সেদিকে নজর সকলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











