SciTech

সূর্যের সংসারে যুক্ত হতে পারে নতুন বামন গ্রহ, ভারী হবে প্লুটোর দল

সূর্যের সংসারে রয়েছে ৮টি গ্রহ। আর ৫টি বামন গ্রহ। যার একটি সকলের চেনা প্লুটো। এবার এই তালিকা আরও দীর্ঘ হতে চলেছে।

৮ হাজার ৮০০ ফুট উঁচু একটি পাহাড়। তার ওপর বসানো রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা। এখান থেকে মহাকাশে নজরদারি চালাচ্ছে একটি অতি শক্তিধর টেলিস্কোপ।

চিলির এই পাহাড়ের ওপর নতুন তৈরি একটি মানমন্দির এবার প্লুটোর পিছনে লুকিয়ে ঘোরা একটি মহাজাগতিক গোলকের দেখা পেল। এটিকে আগেও দেখতে পেয়েছিলেন বিজ্ঞানীরা। নাম দিয়েছিলেন ২০২৬ ইডি১৩৮। তবে সেটি যে বামন গ্রহ হতে পারে সেটা তাঁরা তখন ভাবতেও পারেননি।

এই নতুন আবিষ্কারের পর তাঁরা এবার সেটিকে ভাল করে দেখার সুযোগ পেয়েছেন। আর প্রাথমিকভাবে তা পর্যবেক্ষণ করার পর বিজ্ঞানীদের ধারনা এটি নিছক একটি পাথর, মাটির ঢেলা হয়ে ঘুরছে না। এটি একটি বামন গ্রহ হতে পারে।

বামন গ্রহ হওয়ার শর্ত তা পূরণ করতে পারে। যদিও এখনও একে বামন গ্রহ বলে নিশ্চিত করা হয়নি। তবে বিজ্ঞানীরা মনে করছেন এটাই হতে চলেছে। আর তা যদি হয় তাহলে সৌরমণ্ডলে বামন গ্রহের সংখ্যা ৫ থেকে বেড়ে হবে ৬।

প্রসঙ্গত এখন সৌরমণ্ডলে ৫টি বামন গ্রহ রয়েছে। যার একটির নাম প্রায় সকলের জানা। প্লুটোকে একটা সময় পর্যন্ত গ্রহের মর্যাদা দেওয়া হত। তবে পরবর্তীকালে তাকে বামন গ্রহ বলে চিহ্নিত করা হয়।

প্লুটো ছাড়াও সৌরমণ্ডলে আরও ৪টি বামন গ্রহ পাক খাচ্ছে। যেগুলি হল সেরেস, হাউমেয়া, মেকমেক এবং এরিস। ২০২৬ ইডি১৩৮-কেও বামন গ্রহের মর্যাদা দেওয়া হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীরা পর্যালোচনা শুরু করে দিয়েছেন।

Show Full Article