তৈরি হয়ে গেল অর্ণব, বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা, বৃষ্টি বাড়বে কবে থেকে, মিলল পূর্বাভাস
অর্ণবের জেরে এবার বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি বাড়বে তার পূর্বাভাসও পাওয়া গেছে। কবে পরিস্কার হবে আকাশ। পাওয়া গেল পূর্বাভাস।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর থেকে অতি গভীরে পরিণত হয়ে এবার রূপ নিল ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড়টির নামকরণ হয়েছে অর্ণব। সেই অর্ণব এখন অন্ধ্রপ্রদেশ মুখী। তাহলে কি পশ্চিমবঙ্গ রেহাই পেল?
পশ্চিমবঙ্গে অর্ণবের সরাসরি প্রভাব না পড়লেও তার একটা প্রভাব পড়তে চলেছে। যার জেরে মঙ্গলবার থেকেই এ রাজ্যের দক্ষিণভাগে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হবে মাঝারি মাত্রায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে আগামী বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার ভাল বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সবচেয়ে বেশি বৃষ্টি হবে।
এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট তো থাকছেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে।
পশ্চিমবঙ্গে হেমন্তের আবহাওয়া হারিয়ে গিয়ে চলতি সপ্তাহে বৃষ্টি একটা দাপট দেখাবে। মেঘে ঢাকবে আকাশ। কিন্তু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় অর্ণবের প্রভাব যথেষ্ট পড়তে চলেছে। অন্ধ্রপ্রদেশের অনেক জায়গায় ঝোড়ো হাওয়ার গতি ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও পৌঁছতে পারে।
প্রসঙ্গত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা দিয়ে ঘূর্ণিঝড় অর্ণবের স্থলভাগে প্রবেশ করার কথা। অর্ণব স্থলভাগে প্রবেশ করার পরই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। তবে বৃষ্টি ভেজা সপ্তাহ হয়তো শেষ হবে রোদ দিয়ে।











