State

স্থলভাগে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড়, পশ্চিমবঙ্গের কবে কোথায় কেমন বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস

বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এখন তা দুর্বল হলেও নিম্নচাপের রূপ নিয়ে বিশাল অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের কারণ হয়েছে। যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।

অন্ধ্রপ্রদেশ দিয়ে প্রবেশ করা ঘূর্ণিঝড় অর্ণবের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপর নেই। কিন্তু তার জেরে বৃষ্টির হাত থেকে এ রাজ্য রেহাই পাবেনা। গত মঙ্গলবার যখন ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশও করেনি তখনই পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কিছুটা করে বৃষ্টি নেমেছিল।

বুধবার সকাল থেকেই আকাশে মেঘ। এদিন উপকূলবর্তী এলাকার ৪ জেলা দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অতিবৃষ্টির কবল থেকে রেহাই পাচ্ছেনা।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও মাঝারি তো কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। তালিকায় রয়েছে কলকাতাও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। অনেক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া।

বাদ যাবেনা উত্তরবঙ্গের জেলাগুলিও। আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। তবে তারপর ফের পারদ পুরনো জায়গায় ফিরবে।

শুক্রবার ৫ জেলা বাদে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস নেই। ২ বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এই বৃষ্টির প্রভাব কাটলে ফের শুকনো আবহাওয়া ফিরে আসবে। পাওয়া যেতে পারে হেমন্তের পরশ। তবে তার জন্য সপ্তাহান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে ঘূর্ণিঝড় অর্ণবের জের ভুগতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে।

Show Full Article