SciTech

মহাকাশে পাড়ি দিল ভারতের পথনির্দেশ উপগ্রহ, ইসরোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

মহাকাশ বিজ্ঞানে ভারতের দাপট ফের একবার বিশ্বের সামনে তুলে ধরল ইসরো। মধ্যরাতে মহাকাশে পৌঁছল ভারতের পথ দেখানো কৃত্রিম উপগ্রহ।

মহাকাশ বিজ্ঞানে ভারত বিশ্বের হাতেগোনা শক্তিধর দেশের মধ্যে নিজের জায়গা আগেই করে নিয়েছে। মহাকাশে ভারতের সাফল্য ও নতুন পদক্ষেপ থেমে নেই। সেই পথে হেঁটে ফের ভারতের মুকুটে যুক্ত হল নতুন পালক। মহাকাশে পৌঁছে গেল ভারতের কৃত্রিম উপগ্রহ এনভিএস-০৩।

ভারতীয় রকেট জিএসএলভি-এফ১৮ চেপে মহাকাশে পৌঁছে গেল দেশের নেক্সট জেনারেশন ন্যাভিগেশন স্যাটেলাইট। এরফলে দেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ ভিত্তিক পথ নির্দেশক ব্যবস্থা আরও উন্নত হল। যা পুরোটাই ভারতের নিজস্ব প্রযুক্তির ফল। এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ১৮ উড়ে যায় আকাশে। তার পেটেই ছিল পথনির্দেশক কৃত্রিম উপগ্রহটি।

২ হাজার ২৩২ কিলোগ্রাম ওজনের এনভিএস-০৩ নামে এই কৃত্রিম উপগ্রহটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট-এ প্রতিস্থাপিত হয়েছে নির্দিষ্ট সময়ে। যা তার নির্ধারিত অবস্থানে পৌঁছে কাজ শুরু করেছে।

এই সাফল্য অবশ্যই ভারতের মহাকাশ বিজ্ঞানে এক বড় পদক্ষেপ। দেশের মধ্যে কারও সঠিক অবস্থান এই যন্ত্রই আকাশ থেকে জানিয়ে দেবে।

শুধু ভারতের সীমানার মধ্যেই নয়, তার বাইরেও কাজ করবে এই উপগ্রহটি। ভারতের সীমানার আশপাশে দেড় হাজার কিলোমিটার এলাকা জুড়ে তার ব্যাপ্তি। সেখানেও পথনির্দেশে ভুল করবেনা এই কৃত্রিম উপগ্রহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article