সমুদ্রপারের ১৬০ কিলোমিটার এলাকায় ৭ মাস বন্ধ মাছ ধরা পড়শি রাজ্যে, বিশেষ কারণে নিষেধাজ্ঞা
পড়শি রাজ্যের সমুদ্রপারের ১৬০ কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে মাছ ধরা। টানা ৭ মাস বন্ধ থাকবে মাছ ধরা। কারণটা গুরুত্বপূর্ণ।
সমুদ্রের ধারে যেসব রাজ্য রয়েছে সেখানে সমুদ্রপারের অনেক মানুষ পেশায় মৎস্যজীবী। সমুদ্রে ট্রলার, ভুটভুটি, মেশিন চালিত নৌকা নিয়ে তাঁরা বেরিয়ে পড়েন মাছ ধরতে। সমুদ্র থেকে মাছ ধরে তটে ফিরে তা বিক্রি করেই তাঁদের সংসার চলে।
কিন্তু পড়শি রাজ্য ওড়িশার সমুদ্রতীরের ১৬০ কিলোমিটার এলাকা জুড়ে ৭ মাসের জন্য মৎস্যজীবীদের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল সরকার। ১ নভেম্বর থেকে চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। যা জারি থাকবে ৩১ মে পর্যন্ত।
এই ৭ মাসে কোনও মৎস্যজীবী ওই এলাকায় সমুদ্রে মাছ ধরতে ট্রলার, ভুটভুটি, মেশিন চালিত নৌকা নিয়ে পাড়ি দিতে পারবেননা। সমুদ্রতট থেকে ২০ কিলোমিটার গভীর সমুদ্র পর্যন্ত মাছ ধরতে পারবেননা তাঁরা। তবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অলিভ টার্টল কচ্ছপদের কথা মাথায় রেখে।
বিশ্বজুড়ে এই অলিভ টার্টল কচ্ছপ রক্ষার কাজ চলছে। এই প্রজাতির কচ্ছপদের প্রধান প্রজনন ক্ষেত্র হল ওড়িশার এই সমুদ্রতট। ধামরা নদীর মোহনা থেকে দেবী নদীর মোহনা পর্যন্ত সমুদ্রতট অলিভ টার্টলদের অবাধ বিচরণ ও প্রজনন ক্ষেত্র।
যাতে তাদের এই প্রজনন ক্রিয়ায় কোনও সমস্যা না হয়, যাতে তারা নিশ্চিন্তে এখানে ডিম দেওয়া এবং সন্তানকে বড় করার কাজ করতে পারে তার জন্যই মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মাছ ধরার যন্ত্রচালিত যান তাদের শান্তি বিঘ্নিত করতে পারে। সেকথা মাথায় রেখেই তাদের জন্য নিশ্চিন্ত নিরাপদ প্রাকৃতিক পরিবেশ উপহার দিতেই এই ৭ মাসের প্রতিবন্ধকতা।











