National

ভারতের মুকুটে নতুন পালক, বিহারের জাদুঘর হারিয়ে দিল মোনালিসার মিউজিয়ামকে

পাটনার বিহার মিউজিয়াম পিছনে ফেলে দিল প্যারিসে মোনালিসার ছবি থাকা ল্যুভর মিউজিয়ামকে। পেল এশিয়া সেরার তকমাও। ভারতের মুকুটে জুড়ল নতুন পালক।

পৃথিবীজুড়ে ছড়িয়ে আছে নানা মিউজিয়াম। কলকাতার ভারতীয় জাদুঘরও তার ঐতিহাসিক গুরুত্ব এবং সংগ্রহ বৈচিত্র্যে নেহাত পিছিয়ে নেই। ভারতে আরও নানা প্রান্তে নানা মিউজিয়াম ছড়িয়ে আছে। কিন্তু তার মধ্যে পাটনার বিহার মিউজিয়াম এক অন্যই মাত্রা ছুঁয়ে ফেলল।

বিশ্বের সেরা মিউজিয়ামগুলির তালিকায় প্রথম ১০-এ জায়গা করে নিল ভারতের এই মিউজিয়াম। বিহারের ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা, শিল্পকলা সবই ফুটে উঠেছে এই মিউজিয়ামে। যাকে বিশ্বের নবম সেরা মিউজিয়ামের আসন দিয়েছে জার্মানির একটি সংস্থা।

যে তালিকা ওই সংস্থা প্রকাশ করেছে তাতে প্রথম স্থান দখল করেছে মেক্সিকোর একটি মিউজিয়াম। তার পিছনে রয়েছে স্পেনের মাদ্রিদের মিউজিয়াম।

তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্কের লুসিয়ানা মিউজিয়াম। চতুর্থ স্থানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মিউজিয়াম রয়েছে। পঞ্চম স্থানে জায়গা হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনার মিউজিয়ামের।

ভারতের বিহার মিউজিয়াম রয়েছে নবম স্থানে। তার পিছনে দশম স্থানে তালিকাবদ্ধ হয়েছে নিউ ইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট।

তবে সবচেয়ে অবাক করেছে বিশ্বের অন্যতম মিউজিয়াম হিসাবে খ্যাত ফ্রান্সের প্যারিসের ল্যুভর মিউজিয়ামের তালিকায় অবস্থান। তালিকায় ৩১ তম স্থানে জায়গা হয়েছে বিশ্ববিখ্যাত চিত্র মোনালিসা থাকা ল্যুভর মিউজিয়ামের।

এদিকে ভারতের বিহার মিউজিয়ামের নবম স্থান দখল ভারতীয়দের গর্বিত করেছে। বিশ্ব তালিকায় নবম স্থানে থাকলেও এশিয়ার সেরা হয়েছে পাটনার বিহার মিউজিয়াম। সেটা নেহাত কম সাফল্য নয়।

Show Full Article