রাজ্য জুড়ে ২ দিন ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ৬ জেলায় কমলা, বাকি জেলায় হলুদ সতর্কতা
বাড়তে থাকা গরমের মাঝে ফের স্বস্তির বার্তা পেলেন বাংলার মানুষ। রাজ্য জুড়ে ২ দিন ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
টানা কয়েকদিন বৃষ্টি নেই। যে ঝড়বৃষ্টি হচ্ছিল তা থামার পর থেকেই তরতর করে চড়ছে পারদ। দহন জ্বালা সহ্য করতে হচ্ছে বাংলা বছরের প্রথম দিনেও। তবে পরিস্থিতি কিছুটা বদলে দিতে চলেছে আগামী ২ দিন। এমনই স্বস্তির কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।
শুকনো গরম দিন নয়, বৃষ্টিও পেতে চলেছে বাংলা। বৃহস্পতি ও শুক্রবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ঝড় ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে রাজ্য জুড়ে।
দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বাকি সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। যে ৬ জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনা। বাকি সব জেলার জন্য রয়েছে হলুদ সতর্কতা।
শনিবার থেকে আর বৃষ্টির পূর্বাভাস নেই। ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম কিন্তু খুব একটা কমবেনা। বরং আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও হেরফের হবেনা বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আবার দক্ষিণবঙ্গের চেয়ে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবারও একই পূর্বাভাস রয়েছে।
তবে শনি ও রবিবারে নিচের দিকের ৩ জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গ জুড়ে এত ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সর্বোচ্চ তাপমাত্রার কিন্তু বিশেষ হেরফের সেখানেও আগামী ৭ দিনে হবেনা বলে জনিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।












