State

জোড়া ফলার দাপটে বৃষ্টি হবে, কবে কোথায় জানাল হাওয়া অফিস, পারদ চড়েও নামবে

বৃষ্টি হবে হবে করছে। কিন্তু হচ্ছেনা। এমনই এক পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণভাগে। দক্ষিণে আবার পারদ খেলবে ওঠানামার খেলা। উত্তরে বৃষ্টির দাপট বেশি থাকবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বড় অংশ জুড়েই মেঘের আনাগোনা চলছে। গত কয়েকদিন ধরেই চলছে। মাঝে মাঝে পরিস্থিতি দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে চলেছে। কিন্তু হচ্ছেনা। এই পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি।

আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে বৃহস্পতিবারের পর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ১২টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে কলকাতাও রয়েছে।

এছাড়া হাওড়া, হুগলি, ২ বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমও এই তালিকায় রয়েছে। বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। আগামী রবি ও সোমবার বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদে তেমন কোনও ওপর নিচ না হলেও সর্বনিম্ন পারদ আগামী ২ থেকে ৩ দিন বাড়ার পর আবার ২ থেকে ৩ দিন কমবে।

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে। উত্তরের প্রতিটি জেলার জন্য বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাও আবার টানা। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরে বৃষ্টি হবে।

পশ্চিম অসম থেকে বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে রয়েছে। এর সঙ্গে আবার দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

এই জোড়া ফলায় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। মার্চের শুরু থেকেই যেভাবে পারদ চড়তে শুরু করেছিল, এই বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হওয়া এবং মেঘলা আকাশ সেই পারদ চড়ায় রাশ টানতে পেরেছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *