SciTech

এমন ডাইনোসরের খোঁজ এর আগে পাওয়া যায়নি, ডাইনোসরের শুরুর দিকে ছিল এরা

নদীর ধারে হাঁটতে হাঁটতে এক গবেষকের নজরে ধরা পড়ে এই ডাইনোসরের জীবাশ্ম। যা পরীক্ষার পর জানা গেল এমন ডাইনোসর যে ছিল তাই জানা ছিলনা কারও।

প্রাগৈতিহাসিক আর কোনও জীবের কথা জানা থাক বা না জানা থাক, ডাইনোসরের কথা সকলের জানা। এই প্রাণিটির সঙ্গে একদম ছোট বয়সেই পরিচয় ঘটে। নানা প্রজাতির ডাইনোসরের কথা এখন মানুষের জানা। তার মধ্যে কিছু হিংস্র আমিষভোজী। আবার কিছু বড় চেহারার ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে যারা শান্ত স্বভাবের এবং তৃণভোজী।

কিন্তু এখনও যে ডাইনোসরের খোঁজ সম্পূর্ণ হয়নি তা নতুন নতুন আবিষ্কার থেকে পরিস্কার হয়ে যায়। যেমন এমন এক অতি বিশাল চেহারার ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে যার কথা কারও জানা ছিলনা। এমন ডাইনোসরও যে পৃথিবীর বুকে ঘুরত সেটাই ছিল অজানা।

জিম্বাবোয়ের লেক কারিবার ধারের মাটিতে এই ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার হয়েছে। পুরো দেহ উদ্ধার হয়নি। পাওয়া গেছে থাইয়ের হাড়, গোড়ালির হাড় সহ দেহের কিছু অংশের জীবাশ্ম। সেসব কাজে লাগিয়ে গবেষকেরা ওই ডাইনোসরের চেহারা কেমন ছিল তার স্পষ্ট ধারনা পেয়ে গেছেন।

গবেষকেরা সব দিক খতিয়ে দেখে জানতে পেরেছেন, এই ডাইনোসরগুলি পৃথিবীর বুকে ডাইনোসরদের পাদচারণা শুরুর সময়ে ছিল। সে সময়কার ডাইনোসররা বিশাল চেহারার হত। আনুমানিক ২১ কোটি বছর আগে এরা বিচরণ করত।

বিজ্ঞানীরা নতুন খোঁজ পাওয়া এই ডাইনোসরদের নাম রেখেছেন মুসাঙ্গো মাতুসাডোনেনসিস। এদের ওজন হত প্রায় ৪০০ কেজি। এই নতুন খোঁজ পাওয়া ডাইনোসরদের খোঁজ ২০১৮ সালেই পাওয়া গিয়েছিল। তারপর জীবাশ্ম নিয়ে পরীক্ষা শুরু হয়। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে জিম্বাবোয়েতে পাওয়া এই নতুন ডাইনোসরের খবর প্রকাশিত হয়।

Show Full Article
nilkantho.in App