National

মেঘালয়ের জঙ্গলে সন্ধে নামলে ভেসে আসে গান, শব্দ ধাওয়া করে পাওয়া গেল গায়কদের খোঁজ

উত্তরপূর্ব ভারতের অন্যতম রাজ্য মেঘালয়ের পাহাড়ি জঙ্গলে সন্ধে নামার পর এক বিশেষ ধরনের গান শোনা যায়। যার কারণ জেনে অবাক হবেন অনেকেই।

এই পাহাড়ি জঙ্গলে সন্ধে নামার অপেক্ষা। তারপরই সে জঙ্গলের নানা প্রান্ত থেকে ভেসে আসে গান। আশ্চর্য সেই গান ঘড়ির কাঁটায় সন্ধে ৬টার পরই শুরু হয়ে যায়। তবে গান যে সবসময় হয় তা নয়। নির্ভর করে পরিবেশ কেমন তার ওপর।

এমন অনেক দিন যায় যখন এ গান শুরু হওয়ার পর আধঘণ্টা ধরে চলতে থাকে। সেদিন যদি হালকা বৃষ্টি হয়। বাতাস আর্দ্র থাকে। কুয়াশা থাকলে তখন যেন এ গানের বহর বাড়ে। গান চলতেই থাকে।

২০২৩ সালে এমন গান শোনার পর মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়সারির নানা প্রান্ত থেকে এই গানের শব্দ অবাক করে সাধারণ মানুষ থেকে গবেষকদের। গবেষকেরা এই গানের আওয়াজ লক্ষ্য করে পৌঁছে যান উৎসে।

পাহাড়ে পাইন গাছের মাথায় বসে এ গান যে একদল ঝিঁঝিঁপোকার গাওয়া সে বিষয়ে নিশ্চিত হন তাঁরা। এমন ঝিঁঝিঁদের এনে পরীক্ষাও শুরু হয়।

সেই পরীক্ষাতেই জানতে পারা যায় এদের ডানা ও বিশেষ অঙ্গ অন্য ঝিঁঝিঁদের থেকে আলাদা। এরা নতুন প্রজাতি। যাদের কথা আগে জানা ছিলনা। এরাই সন্ধে নামলে গান ধরে। বিশেষত পুরুষ ঝিঁঝিঁরা।

ঝিঁঝিঁপোকার এই নতুন প্রজাতি আবিষ্কার হওয়ার পর এদের নামকরণ করা হয়। পূর্ব খাসি পাহাড়সারির মফাঙ্গ পাহাড় থেকে সবচেয়ে বেশি এই ঝিঁঝিঁর গান ভেসে আসে। এই নতুন খোঁজ পাওয়া ঝিঁঝিঁর হাত ধরে মেঘালয়ের জঙ্গলে প্রাণি বৈচিত্র্যের বাস্তুতন্ত্র নতুন করে সামনে এল।

Show Full Article