বনরুইদের রক্ষা করতে আয়োজন হল ফুটবল প্রতিযোগিতার, খেলল ৮টি দল
ভারতে বনরুইদের রক্ষা করতে এক অভিনব উদ্যোগ নজর কাড়ল সকলের। বনরুইদের রক্ষা করতে ও তাদের সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হল ফুটবল প্রতিযোগিতা।
উত্তরপূর্ব ভারতের নাগাল্যান্ডে যেমন সবুজের অপার সংসার, তেমনই সেই পাহাড় আর সবুজের মাঝে ছড়িয়ে আছে প্রাণি বৈচিত্র্য। যে তালিকায় একটি অন্যতম নাম বনরুই বা প্যাঙ্গোলিন। পিপীলিকাভুক এই প্রাণিদের কথা মাথায় রেখেই আয়োজিত হল একটি ফুটবল প্রতিযোগিতা।
একটি প্রাণিকে সামনে রেখে যে একটি ফুটবল প্রতিযোগিতা হতে পারে তা বেশ নজর কেড়েছে সকলের। এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিয়েছিল। সবই নাগাল্যান্ডের স্থানীয় দল। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ৮ দলের মধ্যে।
৬ দিনের এই প্রতিযোগিতার শেষে সেরা হয়ে কাপ জিতে নিয়েছে মেলুরি টাউন এফসি। এই ফুটবল ক্লাবটি সেরা হল এই প্যাঙ্গোলিন কাপ ২০২৬-এর। এই নিয়ে দ্বিতীয় বর্ষে পা দিল এই প্রতিযোগিতা।
নাগাল্যান্ডের জঙ্গলে প্যাঙ্গোলিনদের বসবাস নিশ্চিত করতে স্থানীয় মানুষের মধ্যে আরও সচেতনতার দরকার রয়েছে। তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এমন এক আয়োজন।
শুধু বড়রাই নন, স্কুল পড়ুয়াদের কাছেও প্যাঙ্গোলিন রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এই ফুটবল প্রতিযোগিতার হাত ধরে। নাগাল্যান্ড সরকারের বন দফতর এবং মেলুরি রেঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।
ফুটবল সকলের প্রিয়। তাই এই প্রতিযোগিতা ঘিরে সব বয়সের মানুষের মধ্যেই উৎসাহের অন্ত ছিলনা। সেটা কাজে লাগিয়ে সকলের কাছে প্যাঙ্গোলিন রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য। মেলুরির স্থানীয় একটি মাঠে ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলে এই প্রতিযোগিতা।











