দেশের জঙ্গলে দেখা পাওয়া গেল নতুন প্রাণির, ঝরা পাতার তলায় করে সংসার
আপাত দৃষ্টিতে সাধারণ জঙ্গলের মধ্যে আজও এমন সব প্রাণি বাস করে যাদের কথা কারও জানা নেই। এমনই একটি নতুন প্রাণি আবিষ্কার করলেন গবেষকেরা।
ভারতের জঙ্গলে এখনও নতুন প্রাণির সন্ধান পাওয়া যাচ্ছে। একদল গবেষক একটি জঙ্গলাকীর্ণ এলাকায় খোঁজ চালাতে গিয়ে একটি নতুন প্রাণির দেখা পেয়েছেন। প্রাণিটি অতি ক্ষুদ্র চেহারার। থাকতে ভালবাসে মাটিতে পড়ে থাকা পাতার নিচে বা জঙ্গলের পচন ধরা জৈবের তলায়।
ভিজে মাটির নিচেও থাকতে পছন্দ করে এরা। কিন্তু এমন প্রাণি যে রয়েছে তাই কারও জানা ছিলনা। এ প্রাণিটি শামুক প্রজাতির। তবে চেনা শামুকদের মধ্যে এরা পড়েনা। এরা নতুন। অতি ক্ষুদ্র চেহারা এদের একটি মৌলিক বৈশিষ্ট্য। অতি ক্ষুদ্র মানে গবেষকদের মতে এরা এতটাই ছোট যে আণুবীক্ষণিক বলা যেতেই পারে।
মহারাষ্ট্রের কোলাপুরের তিলারি এলাকায় এদের দেখা পেয়েছেন গবেষকেরা। তাই এই নতুন খোঁজ পাওয়া শামুকের নাম দেওয়া হয়েছে ডিচারাক্স তিলারিয়েনসিস।
ঠাকরে ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের গবেষকেরা এই শামুকদের দেখা পেয়েছেন। যারা পশ্চিমঘাট পর্বতমালায় এর আগে পাওয়া শামুকদের চেয়ে আলাদা। তাই এরা নতুন আবিষ্কার।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৬০০ ফুট উচ্চতায় এদের দেখা পাওয়া গেছে। যেহেতু এরা পচন ধরা জৈব জিনিস বা ভিজে মাটিতে থাকতে পছন্দ করে তাই তাদের এর আগে দেখতে পাওয়া যায়নি বলে মনে করা হচ্ছে।
এটা বলেই নয়, এমন কত যে প্রাণি আজও ভারতের নানা জঙ্গলে ছড়িয়ে আছে তা অজানা। সময়ের সঙ্গে হয়তো তাদের কথাও জানা যাবে ভবিষ্যতে।











