World

বিদেশ থেকে ঘুরতে এসে অটোর প্রেমে পড়লেন দম্পতি, কিনে নিয়ে গেলেন দেশে

ভারত ঘুরতে অনেক সময়ই নানা দেশ থেকে মানুষ আসেন। এভাবেই এসেছিলেন এক ব্রিটিশ দম্পতি। এখানে অটো তাঁদের এতই ভাল লাগে যে তা কিনে নিয়ে গেলেন।

ভারতে বেড়াতে এসেছেন। তার একটা স্মারক স্বরূপ পর্যটকেরা ছবি তুলে নিয়ে যান। একান্তই ভারতীয় নানা জিনিস কিনে নিয়ে যান। নিজের জন্য নিয়ে যান। পরিজন, বন্ধুদের উপহার দেওয়ার জন্যও নেন। পর্যটকদের উপহার সামগ্রি সম্বন্ধে সকলের ধারনাও রয়েছে।

কিন্তু এক ব্রিটিশ দম্পতি যা করলেন তা রীতিমত নজর কাড়ল সকলের। তাঁরা ভারতে এসেছিলেন নেহাতই ছুটি কাটাতে। ভারত ভ্রমণ করতে। আসার পর তাঁদের অটোয় চড়ে ভাল লেগে যায়।

তাঁরা স্থির করেন ভারতের অনেক জায়গা তাঁরা অটোতে ঘুরবেন। ভারত ভ্রমণকালে তাঁরা প্রায় ৪ হাজার কিলোমিটার পথ অটোতেই ঘুরেছেন। শুধু ঘোরা নয়, তাঁরা অটোর প্রেমে পাগল হয়ে অটোটি কিনেও ফেলেন।

অটো কেনার পর শুরু হয় সেটিকে ব্রিটেনে নিয়ে যাওয়ার বন্দোবস্ত। অবশেষে ৬ মাসের চেষ্টায় জাহাজে চড়ে সে অটো হাজির হল ব্রিটেনে।

ভারতের এই ৩ চাকার যান একসময় বিদেশি সিনেমাতেও জায়গা করে নিয়েছে। এবার এক ব্রিটিশ দম্পতি তাতে চড়ে শুধু ভারত ঘুরলেনই না, কিনে নিয়ে গেলেন নিজেদের দেশে।

ওই ব্রিটিশ দম্পতি তাঁদের সাধের অটোর নাম দিয়েছেন টিমি দ্যা টিন ক্যান। তবে ব্রিটেনে অটোটি পৌঁছলেও তাঁরা সেটি বাড়ি নিয়ে যেতে পারেননি। ব্রিটেনের যানবাহন আইন মেনে তা তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছতে এখনও দীর্ঘ সময় লাগবে।

তবে অটোটি জাহাজে চড়ে তাঁদের দেশে পৌঁছেছে এতেই খুশি দম্পতি। এবার সব বাধা পার করে সেটিকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। সমাজ মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানান তাঁরা। তারপরই তা নজর কাড়ে সকলের। একাধিক সংবাদমাধ্যমে ঘটনাটি সংবাদ আকারে প্রকাশিত হয়।

Show Full Article