রেললাইনে গৃহপালিত প্রাণিদের ঘোরাফেরা বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিল রেল
রেললাইনে অনেক সময়ই গৃহপালিত প্রাণিরা ঘুরে বেড়ায়। রেললাইন লাগোয়া বসতি থেকে তারা এসে পড়ে। ট্রেনে ধাক্কা থেকে এদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল রেল।
রেললাইনের ওপর অনেক সময়ই আশপাশের বসতি থেকে গৃহপালিত প্রাণিরা এসে পড়ে। তারা আপন খেয়ালে রেললাইনের ওপরই ঘুরে বেড়ায়। আসন্ন বিপদ সম্বন্ধে তাদের আগাম ধারনা থাকেনা।
রেললাইন লাগোয়া যেসব বসতি থাকে সেখানকার বাসিন্দাদেরই হয় এই গৃহপালিত পশুরা। কিন্তু তাঁদের পক্ষে সবসময় পশুগুলি কোথায় যাচ্ছে তা নজরে রাখা সম্ভব হয়না।
এদিকে রেললাইনের ওপর ঘোরার সময় অনেক সময় এই প্রাণিরা ট্রেনের ধাক্কার শিকার হয়। প্রাণ যায় তাদের। এতে একটি প্রাণির যেমন অকালে প্রাণ চলে যায়, তেমনই তাদের মালিকেরও ক্ষতি হয়। তাছাড়া এরফলে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। এসব এড়াতে অন্য পথে হাঁটল রেল।
পশ্চিম মধ্য রেলওয়ের ভোপাল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের খান্ডওয়া থেকে বিনা পর্যন্ত ৫৩০ কিলোমিটার প্রসারিত রেলপথের ২ ধারে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে রেল। ২ ধারে বেড়া থাকলে এভাবে রেললাইনের ওপর যখন তখন চলে আসতে পারবেনা প্রাণিরা।
তাছাড়া ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে একাধিক ট্রেন চালানোর পথে হাঁটতে চলেছে রেল। এত গতিতে থাকা ট্রেনের পক্ষে লাইনের ওপর এসে পড়া প্রাণিদের রক্ষা করাও সম্ভব হবেনা। সব দিক মাথায় রেখেই এই বেড়া দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।
৫৩০ কিলোমিটারের এই রেললাইনের ২ ধারে বেড়া দেওয়ার কাজ আগামী মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রেল কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











