দেশে প্রতি ৬ দিনে ১ লক্ষ বাড়িতে বসছে সৌর প্যানেল, কমছে বিদ্যুতের বিল
দেশে দ্রুত বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার। বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুতের বিল কমানোর পাশাপাশি বাড়তি আয়ের সুযোগও পাচ্ছেন অনেকে।
বাড়ির ছাদে বসানো সৌর প্যানেল থেকেই বিদ্যুৎ তৈরি হচ্ছে। সেই বিদ্যুৎ ব্যবহার করে কমছে মাসের বিল। আবার বাড়তি বিদ্যুৎ গ্রিডে পাঠিয়ে আয়ের সুযোগও তৈরি হচ্ছে। ভারতে সৌরশক্তির ব্যবহার এখন কতটা বেড়েছে তারই ছবি তুলে ধরল কেন্দ্র সরকার।
ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এ কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, দেশে প্রতি ৬ দিনে প্রায় ১ লক্ষ বাড়ির ছাদে সৌর বিদ্যুতের ব্যবস্থা বসানো হচ্ছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার হাত ধরে এই উদ্যোগ ক্রমশ গণআন্দোলনের চেহারা নিচ্ছে বলেও মন্ত্রীর দাবি।
প্রহ্লাদ জোশীর বক্তব্য, বহু পরিবার এখন বিদ্যুতের বিল শূন্যে নামিয়ে আনতে পারছে। উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করেও উপকৃত হচ্ছে তারা। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বেশি চাহিদার সময় বিদ্যুতের জোগান নিশ্চিত করার ক্ষেত্রেও সাহায্য করছে সৌরশক্তি।
সরকারি তথ্য অনুযায়ী ২০১৪ সালে ভারতে স্থাপিত সৌর বিদ্যুতের ক্ষমতা ছিল মাত্র ৩ গিগাওয়াট। এখন তা বেড়ে হয়েছে ১৭২ গিগাওয়াট। অন্যদিকে দেশে সৌর মডিউল তৈরির উৎপাদন ক্ষমতা ২০০ গিগাওয়াট ছাড়িয়েছে। সৌর সেল তৈরির ক্ষমতা পৌঁছেছে প্রায় ৪৫ গিগাওয়াটে। বায়ুশক্তির যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রেও এগোচ্ছে দেশ।
সম্মেলনে সবুজ হাইড্রোজেন নিয়েও আলোচনা হয়। ২০৩০ সালের মধ্যে বছরে ৫০ লক্ষ টন সবুজ হাইড্রোজেন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য ভারতের। পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণে ব্যাটারি, সঞ্চালন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হয় সম্মেলনে। কারণ পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়লেই হবেনা, প্রয়োজনের সময় সেই বিদ্যুৎ নির্ভরযোগ্য ভাবে পৌঁছে দেওয়াও বড় চ্যালেঞ্জ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











