World

সোনার রঙ্গোলীও হতে পারে, সাড়ে ৬ কেজি সোনা ও হিরেয় সাজল শপিং মলের রঙ্গোলী

দেওয়ালির সময় ঘরের দরজায় ফুল, বালি রং, রঙিন পাথরের গুঁড়ো দিয়ে রঙ্গোলী সাজানো হয়। এবার সকলকে তাক লাগিয়ে একটি শপিং মলে সোনার রঙ্গোলী দেওয়া হল।

দেওয়ালিতে রঙ্গোলী দেওয়াটা একটা পারম্পরিক প্রথা। পশ্চিমবঙ্গে যেমন আলপনা, তেমনই এ রাজ্যের বাইরে দেশের অনেক জায়গায় এ সময় ঘরের দরজার সামনে রঙ্গোলী দেওয়া হয়।

রঙ্গোলী নানা কিছু দিয়ে হয়। যেমন নানা রংয়ের ফুল দিয়ে হয়। রঙিন বালি দিয়ে হয়। রঙিন পাথরের গুঁড়ো দিয়ে হয়। আবার রঙ্গোলীতে চালের গুঁড়োও ব্যবহার করা হয়।

এটা একধরনের আলপনা। পশ্চিমবঙ্গে যেমন আলপনা মানে পুরোটাই সাদা, রঙ্গোলী তেমন সাদা হয়না। হয় নানা রঙে সাজানো। এমন রঙিন রঙ্গোলীর সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু এবার সকলকে তাক লাগিয়ে দিল একটি শপিং মল। যেখানে দেওয়ালিতে রঙ্গোলী দেওয়া হল সোনা আর হিরে দিয়ে।

সোনার সাড়ে ৬ কেজি গয়না ব্যবহার করে এই রঙ্গোলী সাজানো হয়। রঙ্গোলীটি সেজে ওঠে সোনার দুল থেকে হার, হিরের নেকলেস থেকে সোনার বালার মত নানা গয়নায়। ২০০টির ওপর সোনার গয়না ব্যবহার হয় এই সোনার রঙ্গোলীকে সম্পূর্ণ রূপ দিতে। যে গয়নায় অনেক হিরেও ছিল।

এই অনবদ্য কাজ কার্যত তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। সোনার গয়না দিয়েও যে রঙ্গোলী করা সম্ভব তা এই শপিং মলের রঙ্গোলী দেখিয়ে দিল।

তবে সোনার এই রঙ্গোলী ভারতের কোনও শপিং মলে নয়, সাজানো হয়েছে দুবাই শহরের একটি শপিং মলে। ১০ জন শিল্পী মিলে এই সোনার রঙ্গোলীটিকে রূপ দিয়েছেন। নানা সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে এই সোনার রঙ্গোলী।

Show Full Article