২০ শতাংশ বাড়ল ডিএ, ১ লক্ষ চাকরি, মহিলাদের জন্য ৩৩ শতাংশ, নতুন সরকারের প্রথম বাজেটে একাধিক বড় ঘোষণা
সরকারি কর্মীদের ডিএ ২০ শতাংশ বাড়াল রাজ্যের নতুন সরকার। সেই সঙ্গে ১ লক্ষ চাকরির ঘোষণা। যারমধ্যে মহিলাদের জন্য ৩৩ শতাংশ। প্রথম বাজেটে একের পর এক বড় ঘোষণা।
রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন সরকারের প্রথম রাজ্য বাজেটের দিকে তাকিয়েছিলেন সকলে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কেমন বাজেট করতে চলেছেন সে অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারিরাও। নিরাশ করেনি নতুন সরকার।
রাজ্য সরকারি কর্মচারিরা এতদিন যেখানে ১ অঙ্কের ডিএ ঘোষণা শুনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, তাঁরা এবার বাজেটে মহার্ঘভাতা ঘোষণা শুনে কিছুক্ষণের জন্য যেন বিশ্বাস করতে পারেননি। এদিন রাজ্য সরকারি কর্মচারিদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারিরা অক্টোবর থেকে ডিএ পাবেন ৩৮ শতাংশ। এখন তাঁরা ১৮ শতাংশ পাচ্ছেন।
শুধু ডিএ বলেই নয়, ১ লক্ষ রাজ্য সরকারি চাকরির ঘোষণাও করেন অর্থমন্ত্রী। যার মধ্যে ৩৩ শতাংশ আলাদা করা থাকবে মহিলাদের জন্য। এছাড়া বাজেটে আশাকর্মীদের জন্য সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশদেরও সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
বয়স্ক এবং বিধবাদেরও ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া প্যারাটিচারদের পারিশ্রমিক ৫ হাজার টাকা ও মিড ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধির কথাও বাজেটে রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
রাজ্যে নতুন ৫টি জেলা তৈরির কথাও বাজেটে প্রস্তাব করা হয়েছে। কলকাতা, বসিরহাট, আরামবাগ, জঙ্গিপুর ও সুন্দরবন, এই ৫টি নতুন জেলার নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত হয়েছে কলকাতার কাছে একটি নতুন বিমানবন্দরও।
শিলিগুড়ি, আসানসোল এবং দুর্গাপুরে মেট্রোর প্রস্তাবও এবারের বাজেটে নজর কেড়েছে। কৃষিক্ষেত্রের জন্যও বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। যা কৃষকদের উপকৃত করতে পারে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ৬ জুলাই রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। বাজেটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের একটি মূর্তি স্থাপনের প্রস্তাবও করা হয়েছে।











