National

১ মাসও মন টিকল না, ১০০ কিলোমিটার হেঁটে অন্য রাজ্যে পাড়ি দিল বাংলার বাঘিনী

অন্য রাজ্য থেকে বাংলার জঙ্গলে নিয়ে এসে ছাড়া হয় সবুজের মাঝে। কিন্তু সে জঙ্গল মনে ধরল না বাঘিনীর। ১০০ কিলোমিটার হেঁটে অন্য রাজ্যে চলে গেল সে।

গত ২ অক্টোবর তাকে ছাড়া হয়েছিল বক্সার জঙ্গলে। অনেক আশা ছিল সেখানে ফের বাঘের সংখ্যা বৃদ্ধি হবে। প্রথমে একটি বাঘিনীকে ছাড়া হয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের এই জঙ্গলে। বক্সা টাইগার রিজার্ভে সে বাঘিনী প্রথমে থাকছিলও। কিন্তু গত প্রায় ১০ দিন ধরে সে হাঁটতে শুরু করে।

জঙ্গলের পথেই হাঁটতে থাকে। কোথায় যেতে চাইছিল তা পরিস্কার নয়। তবে এটা পরিস্কার যে বক্সার জঙ্গলে তার মন টিকছিল না কোনও কারণে। এই হাঁটা সে হাঁটতে থাকে প্রতিদিন। এমন করে সে বাংলা পার করে জঙ্গলের পথে পৌঁছে যায় অসমে। অসমের রাইমোনা জাতীয় উদ্যানের কাছে পৌঁছে যায় সে।

অসমের কোকরাঝাড় জেলায় প্রবেশ করে সে। সেখানকার জনবসতির জন্য বাঘিনীটি চিন্তার কারণ হয়। যাতে কোনও মানুষের সে ক্ষতি করে না বসে সেজন্য পশ্চিমবঙ্গের বন বিভাগের কর্মীরা এবং বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিওন যৌথ অপারেশন চালায়। যার হাত ধরে ধরা পড়ে সেই বাঘিনী। যেটি বিটি১ বলেই পরিচিত।

তাকে সফলভাবে ধরতে পারা গেলেও এটা পরিস্কার নয় যে কেন বাঘিনীটি এভাবে বক্সার জঙ্গল ছেড়ে একটানা পথ হেঁটে অসমের জঙ্গলে পৌঁছে গেল।

প্রসঙ্গত বাঘিনীটিকে বিহার থেকে বক্সার জঙ্গলে আনা হয়েছিল। বিহারের বাল্মীকি রিজার্ভ ফরেস্ট থেকে তাকে আনা হয়। আকাশপথে উড়িয়ে আনা হয় বাঘিনীটিকে। সেই বাঘিনী বিহারে ফিরল না বটে, তবে পৌঁছে গেল অসমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article