আগুনে পুড়েছিল বাড়ি, ছাইয়ের মধ্যে থেকেও ফের সুর তুলল তালাত আজিজের হারমোনিয়াম
আগুনে পুড়ে গিয়েছিল বাড়ি। নষ্ট হয়ে যাওয়া হারমোনিয়াম ফের বাজতে শুরু করায় আনন্দে আত্মহারা প্রবীণ গজল শিল্পী তালাত আজিজ।
আগুনে পুড়ে গিয়েছিল বাড়ি। নষ্ট হয়েছিল বহু মূল্যবান জিনিসপত্র। সেই ধ্বংসস্তূপের মধ্যেই পড়েছিল একটি হারমোনিয়াম। যা আর কোনওদিন বাজবে না বলেই ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু সেই হারমোনিয়ামই এবার ঘটাল এক অবিশ্বাস্য কাণ্ড। আর তা দেখে আনন্দে আত্মহারা প্রবীণ গজল শিল্পী তালাত আজিজ।
গত ২ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় তালাত আজিজের বাড়িতে আগুন লাগে। একটি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের কাছ থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
সেই সময় দোতলায় আটকে পড়েছিলেন শিল্পীর স্ত্রী বীণা। পরে বাথরুমের জানালা দিয়ে মইয়ের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৫ জনকে। পরে অবশ্য সকলেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
আগুনে শিল্পীর একাধিক হারমোনিয়ামের পাশাপাশি নষ্ট হয় তাঁর স্ত্রীর আঁকা ছবিও। বিশেষভাবে তৈরি ১৩ স্কেলের একটি হারমোনিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনলাইন সঙ্গীতের ক্লাসে সেটি ব্যবহার করতেন তালাত।
এক হারমোনিয়াম প্রস্তুতকারক ছবিটি দেখে জানিয়ে দিয়েছিলেন সেটি আর সারানো সম্ভব নয়। কিন্তু হাল ছাড়েননি শিল্পী। সম্প্রতি হারমোনিয়ামটি বাজানোর চেষ্টা করেন তিনি। প্রথমে কোনও শব্দ বেরোয়নি। তারপর আচমকাই সুর বেজে ওঠে। যেন ছাই থেকে নতুন জীবন ফিরে পেল বাদ্যযন্ত্রটি।
সোশ্যাল মিডিয়ায় সেই মুহুর্তের ভিডিও প্রকাশ করেছেন তালাত। আগুনের ছাই লেগে থাকা আঙুলেই বাজিয়েছেন হারমোনিয়াম। শিল্পীর কথায়, বাইরে কিছু ক্ষতি হলেও ভিতরের রিডগুলি অক্ষত রয়েছে। এই অভিজ্ঞতা তাঁকে নতুন করে শিখিয়েছে জীবনে যত বিপর্যয়ই আসুক কখনও আশা হারাতে নেই। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শিল্পী তালাত আজিজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











