একটি ফুটবল ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখালেন রেফারি, তৈরি হল নতুন ইতিহাস
ফুটবল ম্যাচে ১টা লাল কার্ডও প্রতিপক্ষের সুযোগ বাড়িয়ে দেয়। সেখানে রেকর্ড গড়া ৫১টি লাল কার্ড দেখালেন রেফারি। তাও মাত্র ১টা ম্যাচে।
১টা ফুটবল ম্যাচে কটা লাল কার্ড হতে পারে? এমন প্রশ্ন কাউকে করা হলে তিনি ১ অঙ্কের সংখ্যা বলতে পছন্দ করবেন। সেটাই স্বাভাবিক। কিন্তু অনেক কিছুই ঘটে যা স্বাভাবিকের তোয়াক্কা করেনা।
পৃথিবীতে এখনও পর্যন্ত একটা ফুটবল ম্যাচে সর্বাধিক লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬টি। আর্জেন্টিনার একটি ফুটবল ম্যাচে ২০১১ সালে ৩৬টি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। সেই রেকর্ড ২০২৬ সালে এসে ভেঙে গেল। এখন নতুন রেকর্ড তৈরি হল ৫১টি লাল কার্ডের।
ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের অনূর্ধ্ব ২০-র সেমিফাইনাল ম্যাচ চলছিল। খেলা হচ্ছিল উবারলান্দিয়া এবং মামোরে নামে ২টি দলের মধ্যে। এই ২টি দলের চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা সকলের জানা।
খেলার দ্বিতীয়ার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মামোরে। তৃতীয় গোলের পর গোল করার আনন্দ প্রকাশ করতে গিয়ে সোজা উবারলান্দিয়ার বেঞ্চের সামনে চলে আসেন মামোরে-র ফরওয়ার্ড দাভি। সেখানে এসে কিছু অঙ্গভঙ্গি করেন।
তাতেই রেগে ওঠেন উবারলান্দিয়ার বেঞ্চে বসা খেলোয়াড়, কোচ, দলের অন্য আধিকারিকরা। শুরু হয়ে যায় বিবাদ। তার থেকে সংঘর্ষ। ২ দলই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রেফারি একের পর এক লাল কার্ড দেখাতে থাকেন। রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করে ২ দলের খেলোয়াড় সকলেই প্রায় লাল কার্ড দেখে ফেলেন। কিন্তু তাতেও তাঁদের থামানো যায়নি। সাকুল্যে ৫১টি লাল কার্ড দেখানোর পর ম্যাচ বাতিলও হয়ে যায়।











