ভোর ৬টায় খুলবে সিনেমা হল, দেখা যাবে সিনেমা, কোথায় নেওয়া হল এই সিদ্ধান্ত
ভোরে ঘুম থেকে উঠেই যদি কেউ সিনেমা দেখতে চান তাহলে সে সুযোগ পাওয়া যাবে দেশের এক প্রান্তে। কোথায় এবং কেন নেওয়া হল এই সিদ্ধান্ত।
সিনেমা হলে সাধারণভাবে ৪টে শো হয়ে থাকে। সে ১ স্ক্রিনের সিনেমা হলই হোক বা মাল্টিপ্লেক্স। অনেক জায়গায় মর্নিং শো আছে। সেটা হয়তো সকাল ৯ বা ১০টায় হয়ে থাকে। কিন্তু এবার সকাল ৬টাতেই ঢোকা যাবে সিনেমা হলে। দেখা যাবে সিনেমা।
২০২৩ সালে এই নিয়ম তামিলনাড়ুতে চালু ছিল। কিন্তু একটি দুর্ঘটনাকে সামনে রেখে সে সময় সেখানে শাসনভার সামলানো এমকে স্ট্যালিন সরকার সকাল ৬টার শো বন্ধ করে দেয়। দিনে ৪টি শো-তে সীমাবদ্ধ করে দেয় হলগুলিকে।
এখন সেখানে পালা বদল হয়েছে। এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিজেই সিনেমা জগতের মানুষ। সফল নায়ক। এবার তাঁর সরকার পুরনো নিষেধাজ্ঞা তুলে নিল। ফের তামিলনাড়ুর সিনেমা হলে সকাল ৬টা থেকে শো দেখানো যাবে। চলবে রাত আড়াইটে পর্যন্ত।
তবে সেখানে একটা শর্ত আছে। যে কোনও সিনেমা মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহটাই এই ভোর ৬টা থেকে রাত আড়াইটে পর্যন্ত শো দেখাতে পারবে। এছাড়া ছুটির দিন বা উৎসবের সময়ও এভাবে ৬টি শো চালাতে পারবেন হল মালিকরা।
সিনেমা হলে শো বাঁধা হওয়ায় হল মালিকরা অনেকদিন ধরেই দৈনিক শো বাড়ানোয় ছাড়পত্র চেয়ে আবেদন করছিলেন। বিজয় সরকার তাঁদের সঙ্গে বৈঠকে বসে। তারপরই এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে একাংশ এই সিদ্ধান্তে সুরক্ষা জনিত সমস্যা হতে পারে বলে মনে করছেন।











