২ কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন কাটল শান্তিতে, ভোটদানের উৎসাহে খামতি ছিলনা
পশ্চিমবঙ্গের ১৫টি বুথে পুনর্নির্বাচনে শনিবার ভোটদানে ভাটা পড়েনি। শান্তিতেই মিটল ২ কেন্দ্রের ১৫টি বুথে এই পুনর্নির্বাচন।
ফের ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে কিছু মানুষের ক্ষোভ থাকলেও শনিবার পুনর্নির্বাচনে ভোটদানের উৎসাহে কোনও ভাটা ছিলনা। রাজ্যের ১৫টি বুথে পুনর্নির্বাচনে সকাল থেকেই নজর কেড়েছে লম্বা লাইন।
গত বুধবারই এমন লাইন দিয়ে ভোট দানের পর ফের শনিবার একইভাবে লাইন দিয়ে ভোট। এ নিয়ে সামান্য অসন্তোষ থাকলেও ভোট দেওয়া থেকে বিরত থাকেননি কেউ। দক্ষিণ ২৪ পরগনার ২টি বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ডহারবারের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
সেইমত বুথগুলির ভোটারদের আগাম বিষয়টি জানিয়ে দেন বিএলও। শনিবার সেই ভোটগ্রহণ পর্ব মিটল শান্তিতেই। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে এবং ডায়মন্ডহারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। এদিন মগরাহাটে সামান্য উত্তেজনার সৃষ্টি হলেও তা বেশিদূর গড়ায়নি।
সকাল থেকেই এই বুথগুলিতে যে হারে ভোট পড়ছিল, তাতে এটা আন্দাজ করাই গিয়েছিল ভোটদানের হার কেমন হতে চলেছে। দিনের শেষে সেটা পরিস্কারও হয়ে গেছে।
বিকেল ৫টা পর্যন্ত পুনর্নির্বাচনে ভোটদানের হার ছিল ৮৭ শতাংশ। বেলা যত গড়িয়েছে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ভোটদানের শতাংশের হার। কোনও অশান্তি ছাড়াই এই ১৫টি বুথে পুনর্নির্বাচন সেখানকার সাধারণ মানুষকে খুশি করেছে।
এদিকে সোমবার সকাল থেকেই শুরু হবে ভোটগণনা। তার আগে শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।












