সিকিমে নতুন করে প্রবল তুষারপাত, তুষারপাতের কারণ লুকিয়ে আছে দক্ষিণে
সিকিমে নতুন করে তুষারপাত হয়েছে। যার জেরে অনেক জায়গা বরফে সাদা হয়ে গেছে। কেন আচমকা হল তুষারপাত, কারণ লুকিয়ে আছে সুদূর দক্ষিণে।
সিকিমে নতুন করে তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারপাত হয়েছে সিকিমের পূর্ব প্রান্তে। এখানে নাথুলা থেকে শুরু করে ছাঙ্গু নতুন সাদা বরফের চাদরে মুড়ে গেছে। সিকিমে এই মরসুমে আগেও তুষারপাত হয়েছে। তবে গত কয়েকদিনে তুষারপাতের দেখা ছিলনা। আচমকা আবার তুষারপাত হল।
এই আচমকা এমন তুষারপাতের কারণ কি? কারণ রয়েছে। আর সে কারণ লুকিয়ে আছে দেশের দক্ষিণ প্রান্তে। বলা ভাল অন্ধ্রপ্রদেশ দিয়ে ঢুকল ঘূর্ণিঝড় অর্ণব আর তার জেরে তুষারপাত হল সিকিমে।
কোথায় অন্ধ্রপ্রদেশ আর কোথায় সিকিম! এমনটা মনে হতেই পারে। তবে তুষারপাতের পিছনে লুকিয়ে আছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব। বিশেষজ্ঞেরা তাই মনে করছেন। তাই ঘূর্ণিঝড়ের কারণেই হিমালয়ের কোলে পূর্ব সিকিম ঢেকে গেল সাদা বরফে।
বাংলা জুড়েই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে। কোথাও বেশি তো কোথাও কম। আকাশ মেঘে ঢাকা। বৃষ্টি হয়ে চলেছে। বাংলা জুড়ে যখন ঘূর্ণিঝড়ের ঝাপটায় এমন বৃষ্টি হচ্ছে তখন বাংলা লাগোয়া সিকিমের পার্বত্য অঞ্চল বরফে ছাইছে। সিকিমে শীত এলে বরফ পড়ে। এরমধ্যে নতুন কিছু নেই। কিন্তু এখনও সেভাবে তুষারপাত চলতে থাকার সময় আসেনি।
প্রসঙ্গত ভারত ও চিনের সীমান্তবর্তী নাথুলা পাস ১৪ হাজার ২০০ ফুট উচ্চতায় অবস্থিত। নাথাঙ্গ উপত্যকাও প্রায় ওই একই উচ্চতায়। এখানে ভালই তুষারপাত হয়েছে। অন্যদিকে পর্যটকদের অন্যতম পছন্দের ছাঙ্গু লেকের চারধারও বরফে ঢেকে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











