National

দেশের সব প্রান্তের গাছ দিয়ে তৈরি হল বৃষ্টি বন, কাচের ওপর হেঁটে দেখা পাওয়া যাবে চিরসবুজের

এমন একটা জঙ্গল যেখানে দেখা যাবে ভারতের সব প্রান্তের গাছ। সবই চিরহরিৎ বৃক্ষ। একটি কাচের ওপর হেঁটে তা দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।

হিমালয় থেকে পশ্চিমঘাট পর্বতমালা। দক্ষিণ প্রান্ত থেকে আন্দামান। এভাবে ভারতের বিভিন্ন প্রান্তের গাছ এই জঙ্গলে একাকার হয়ে গেছে। এ জঙ্গল আবার রেন ফরেস্ট বা বৃষ্টি বন। জঙ্গলটিতে যেসব গাছ রয়েছে তার সবই চিরহরিৎ বৃক্ষ। সে তা যে প্রান্ত থেকেই এনে লাগানো হোক না কেন।

আরও একটি বিষয় নজর কাড়া। ৪৭ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এ বনাঞ্চল প্রাকৃতিক উপায়ে তৈরি নয়। একে তৈরি করা হয়েছে। যেখানে চিরসবুজ গাছেরা একত্র হয়েছে।

এ যেন চিরসবুজের মহামিলন। যা দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। হিমালয় থেকে আন্দামান বা ভারতের নানা প্রান্তের নানা পাহাড় জঙ্গলের চিরসবুজ বৃক্ষদের দেখার সুযোগ পাওয়া যাবে একটিমাত্র জঙ্গলে। এ এমন অনন্য ভাবনা। এমন সুযোগ এর আগে ভারতে তৈরি হয়নি।

গুজরাটের নর্মদা জেলার একতা নগরে গোরা ব্রিজের কাছে এই বৃষ্টি বনটি তৈরি করা হয়েছে। পুরো প্রকল্পে খরচ হয়েছে ৯ কোটি ৪৯ লক্ষ টাকা। পর্যটকদের কথা মাথায় রেখে এখানে তৈরি করা হচ্ছে গ্লাস-ডেক স্কাইওয়াক। কাচের ওপর দিয়ে হেঁটে এ জঙ্গলের দিগন্ত বিস্তৃত সবুজকে পরাণ ভরে দেখার সুযোগ পাবেন তাঁরা।

কাচের ওপর দিয়ে হাঁটার সময় তাঁদের পায়ের নিচে থাকবে বিশাল জঙ্গল। এ এক চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে পর্যটকদের জন্য। সবুজ রক্ষার প্রয়োজনীয়তা ও সবুজের বাস্তুতন্ত্রকে বুঝতে সুবিধা হবে পর্যটকদের।

এই জঙ্গলের সদর দরজা থেকে শুরু করে এখানকার চলার পথে যে পাথর ব্যবহার হয়েছে তা নর্মদা নদীর আশপাশ থেকেই সংগ্রহ করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই সাধারণের জন্য খুলে যাচ্ছে এ বৃষ্টি বনের দরজা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article