National

বাড়ল অটো ভাড়া, ভারতের অন্যতম শহরে অটোয় চড়লেই এখন ৫০ টাকা

অটো এমন যান যা প্রতিটি শহরেই রয়েছে। সাধারণ মানুষের সেই দৈনন্দিন যানে সফর খরচ বাড়ল ভারতের অন্যতম শহরে। সেখানে এখন অটোয় চড়লেই দিতে হবে ৫০ টাকা।

কলকাতা শহরের সব রাস্তায় অটো চলেনা। অটোর বিভিন্ন রুট আছে। যে রুটে অটোয় চড়লে তার কোথায় কত ভাড়া তা স্থির করা থাকে। ভারতের অন্য অনেক শহরে কিন্তু এমন রুট নেই। সেখানে ট্যাক্সির মতই অটোয় চড়া যায়। মিটারে ওঠে ভাড়া। যা যাত্রীকে প্রদান করতে হয়।

সেই অটো ভাড়া সংশোধন করে নতুন ভাড়া চালু হল ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাইতে। বিজয়ের রাজ্যের এই রাজধানী শহরে এখন অটোয় চড়লেই যাত্রীকে গুনতে হবে ৫০ টাকা। স্থানীয় থেকে পর্যটক সকলকেই এই ভাড়া দিতে হবে।

প্রথম ১.৮ কিলোমিটার পথের জন্য এই ভাড়া ধার্য হয়েছে। এরপর প্রতি ১ কিলোমিটার পিছু দিতে হবে ২৫ টাকা করে। ফলে এখন সেখানে অটোয় চড়া মানে কমপক্ষে ৫০ টাকা দিতেই হচ্ছে। এছাড়া যুক্ত হবে ওয়েটিং চার্জ।

প্রতি ১ মিনিটে ১ টাকা করে ওয়েটিং চার্জ বহন করতে হবে যাত্রীকে। অন্যদিকে রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে অটোয় সফর করলে অতিরিক্ত ভাড়া বহন করতে হবে।

সাধারণ ভাড়ার দেড়গুণ বহন করতে হবে যাত্রীকে। উদাহরণ হিসাবে বলা যায় যদি দিনের অন্য সময় ১০০ টাকা ভাড়া হয়, তাহলে রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে সেই ভাড়া হয়ে যাবে ১৫০ টাকা।

দক্ষিণী সুপারস্টার বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁর একাধিক সিনেমায় অটো বড় ভূমিকা নিয়েছিল। এবার বাস্তবে চেন্নাইয়ের অটো চালকরা অবশ্যই খুশি হলেন সেই বিজয়ের সরকারি সিদ্ধান্তে। ভাড়া বাড়ায় উপকৃত হলেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article