দেশের অন্যতম শহরে তৈরি হবে ৫৭৪ ফুটের স্তম্ভ, মাথায় থাকবে স্কাইওয়াকের সুবিধা
একটি স্তম্ভ বা টাওয়ার হয়ে উঠবে শহরের অন্যতম দ্রষ্টব্য স্থান। বিনোদনের প্রধান কেন্দ্র। শহরকে চারধার থেকে দেখতে টাওয়ারের মাথায় থাকবে স্কাইওয়াক।
একটা শহরের অন্যতম দ্রষ্টব্য হয়ে উঠতে চলেছে একটি টাওয়ার। যা কেবল একটি টাওয়ার নয় শহরের অন্যতম বিনোদন কেন্দ্রও। একটি স্তম্ভ বা টাওয়ার তৈরি হবে যার একদম মাথায় থাকবে স্কাইওয়াকের সুবিধা।
মানুষজন চাইলে সেই ৫৭৪ ফুট উচ্চতায় পৌঁছে যেতে পারবেন। স্কাইওয়াকে হেঁটে গোটা শহরের দিগন্ত ছোঁয়া রূপ দেখার সুযোগ পাবেন। অত উঁচু থেকে শহরটাকে চারধার থেকে স্পষ্ট দেখতে পাবেন সকলে।
স্তম্ভটি যেখানে তৈরি হবে সেই মাটির তলাও কাজে লাগানো হবে। মাটির তলাতেই থাকবে ৩টি তলা। সেখানে গাড়ি ও বাইক পার্কিংয়ের সুবিধা থাকবে। ৩৮৫টি গাড়ি ও ১১০০টির ওপর বাইক একসঙ্গে রাখার সুবিধা থাকবে সেখানে।
স্তম্ভের ১ তলায় থাকবে জিনিসপত্রের দোকান ও একটি আর্ট গ্যালারি। তার ওপরের তলায় থাকবে ফুড কিয়স্ক, বাগান, বসার জায়গা, ফোয়ারা এবং একটি অ্যাম্ফিথিয়েটার।
স্তম্ভের ৯৫ ফুট উচ্চতা থেকে ১৪৭ ফুট উচ্চতার মধ্যে থাকবে ২ তলা বিশিষ্ট রেস্তোরাঁ। যেখানে ৯০০ জন একসঙ্গে খাওয়াদাওয়া করতে পারবেন। এরও উপরে থাকবে একটি টেরেস ডেক কাফে। যেখানে একসঙ্গে ১ হাজার ২০০ জনের বসার ব্যবস্থা থাকবে।
স্তম্ভে ওঠানামার জন্য মোট ১৭টি লিফট থাকবে। সবকটি একই উচ্চতায় পৌঁছবে না। একদম মাথায় স্কাইওয়াকে পৌঁছে দেবে এর মধ্যে ২টি লিফট।
আমেদাবাদ শহরে এই স্তম্ভটি তৈরি হতে চলেছে। নাম হবে আমেদাবাদ সিটি স্কোয়ার। বিনোদন, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠতে চলেছে এই নজরকাড়া স্তম্ভ। যা তৈরির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের পুরসভা।
যে সংস্থা এই কাজটি করবে তাদের ৪২ মাসের মধ্যে পুরো কাজ সম্পূর্ণ করতে হবে। খরচ ধার্য হয়েছে ৫৭০ কোটি টাকা। ১৩ হাজার ১৪৪ বর্গ মিটার এলাকা জুড়ে এই পুরো প্রকল্প গড়ে উঠবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











