National

অযোধ্যা শহরে সব হোটেল ৫ দিনের জন্য ভর্তি, হোম স্টে ভর্তি ৯ দিনের জন্য

৫ দিনের জন্য শহরের কোনও হোটেলে আর ঘর নেই। সব বুক। ভর্তি হোম স্টে সুবিধাও। সেখানে ৯ দিনের জন্য কোনও হোম স্টে খালি নেই।

এ শহর এখন কানায় কানায় ভরে ওঠার অপেক্ষায় দিন গুনছে। নভেম্বর পড়লেই ৪ নভেম্বর থেকে তিল ধারণের জায়গা থাকবেনা। পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হবেন পুণ্যার্থীরা। আর সেই পুণ্যার্থীর চাপ কতটা থাকবে তা হোটেলের বুকিং মানচিত্র দেখলেই পরিস্কার।

শহরের কোনও হোটেলেই আর ঘর ফাঁকা নেই। ৪ থেকে ৮ নভেম্বরের মধ্যে সব হোটেলের ঘর বুক হয়ে গেছে আগাম। ফলে খুশি হোটেল মালিকরা। তাঁরা এখন অতিথি আপ্যায়নের জন্য তৈরি।

অযোধ্যা শহরে এখন সাজ সাজ রব। এখানেই সরযূ নদীর তীরে এবার অনুষ্ঠিত হতে চলেছে ১০-ম দীপোৎসব। প্রতিবারই রেকর্ড ভাঙে মাটির প্রদীপের সংখ্যা। এবার তা আবার নতুন রেকর্ড গড়ার অপেক্ষায়।

অযোধ্যায় দীপাবলির সময় দীপোৎসব দেখতে এবার ঢল নামছে পুণ্যার্থীদের। যার আঁচ আগাম পাওয়া যাচ্ছে। শহরের একটাও হোম স্টে রিজার্ভ হতে বাকি নেই। হোটেলের যেমন ৪ থেকে ৮ নভেম্বর সব ঘর বুক, হোম স্টে-তে আরও একধাপ এগিয়ে ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সব বুক।

রাম মন্দির দর্শন, দীপোৎসবে অংশ নেওয়া এবং ওই সময়ে অযোধ্যায় হওয়া অনুষ্ঠানে শামিল হওয়ার জন্য নভেম্বর পড়লেই ঢল নামবে পুণ্যার্থীদের। শহরের ব্যবসায়ীদের এখন দম ফেলার সময় নেই। খুশিও তাঁরা। কারণ ভাল বিক্রির অপেক্ষায় দিন কাটছে তাঁদের।

সে রামলালার মূর্তি থেকে মাটির প্রদীপ থেকে শুরু করে নানা পুজো সামগ্রির বিক্রি তুঙ্গে উঠতে চলেছে। কোমর বেঁধে তৈরি গাইডরাও। যাঁদের সঙ্গে নিলে অযোধ্যার ইতিহাস থেকে এখনকার খুঁটিনাটি সব জানতে পারবেন পুণ্যার্থীরা। গাইডরাও ভাল রোজগারের মুখ দেখবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article