নজিরবিহীন ভোটদান, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে এমনটা ঘটল
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটল। জানা গেছে, ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। প্রথম পর্বের ভোটগ্রহণ ভেঙে দিল সব রেকর্ড।
স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ কম ভোট দেখেনি। কিন্তু কোনও ভোটের দিন এত মানুষকে ভোট দিতেও দেখেনি। এই প্রথম এ রাজ্যে ভোটগ্রহণ হল রেকর্ড ভাঙা। নজিরবিহীন এই ভোটগ্রহণ হয়েছে এবারের বিধানসভা নির্বাচনের প্রথম দফায়।
এদিন ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পূর্ণ হল। যেখানে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯৩ শতাংশ। ভোট দেওয়ায় এমন বিপুল সাড়ার জন্য রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
প্রথম দফার ভোটে ছোটখাটো কিছু অশান্তির ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই কেটেছে নির্বাচন। বীরভূমের খয়রাসোলে ভোটের লাইনে উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় জনতা। ইটবৃষ্টি হয়। পুলিশের গাড়িও ভাঙচুর হয়।
সবংয়ে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। একইভাবে কোচবিহারের সিতাইতে এক বিজেপি কর্মীও আক্রান্ত হন। মুর্শিদাবাদের নওদায় হুমায়ুন কবীরের দল আমজনতা উন্নয়ন পার্টি-র কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি হয়। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
এদিকে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ির পিছনের কাচ ভেঙে দেওয়া হয়। ভোট চলাকালীন বুথে বুথে ঘোরার সময় একটি ভোটগ্রহণ কেন্দ্রের কাছে ইট মেরে তাঁর গাড়ির পিছনের কাচ ভাঙার অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, এদিন ভোট দিতে গিয়ে ৫ জন প্রাণ হারান। কারও অসহ্য গরমে হিটস্ট্রোক তো কারও হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন যায়। এদিন গরম নাজেহাল করেছে ভোটারদের। তবে সেই গরম উপেক্ষা করেই ভোটদান করেন সকলে।












