State

রাজ্য জুড়ে লাফিয়ে নামছে পারদ, সপ্তাহ শেষে কলকাতার পারদ নামতে চলেছে অনেকটা

মেঘ কাটলেই শীতের আগমন শুরু। এ পূর্বাভাস ছিলই। আর সেটাই হল। রাজ্য জুড়ে মাত্র ১ দিনের ব্যবধানে উল্লেখযোগ্য পতন হল পারদে।

মেঘ কেটে গেছে। এখন রাজ্য জুড়ে ঝলমলে আকাশ। আর সেই ঝলমলে মেঘমুক্ত আবহাওয়ার হাত ধরে লাফিয়ে লাফিয়ে নামছে পারদ। বুধবার মাত্র ১ দিনের ব্যবধানে সাড়ে ৩ ডিগ্রি নেমেছে কলকাতার পারদ।

এখানেই থেমে থাকবেনা পারদ পতন। আরও নামবে পারদ। সপ্তাহ শেষে ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। অর্থাৎ এ সপ্তাহের শেষেই হয়তো গরম পোশাক গায়ে চড়তে চলেছে কলকাতাবাসীর।

শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই পারদ পতন শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ঠান্ডা রেকর্ড হয়েছে বীরভূমের সিউড়িতে। সিউড়িতে পারদ নেমেছে ১৬ ডিগ্রিতে।

উত্তরবঙ্গের সমতলে পুন্ডিবাড়িতে পারদ নেমেছে ১৪.৮ ডিগ্রিতে। আর যদি পাহাড়ি এলাকার দিকে নজর দেওয়া যায় তাহলে দার্জিলিং পিটিও-তে পারদ রেকর্ড হয়েছে ৫.৮ ডিগ্রি। ফলে সেখানে কনকনে ঠান্ডা কামড় বসিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতেও পারদ পতন অব্যাহত থাকবে। সেখানেও সপ্তাহ শেষে ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে গিয়ে ঠেকবে ঠান্ডা। ফলে এ সপ্তাহের শেষেই অর্থাৎ এই মাসের শেষেই রাজ্য জুড়ে শীতের অনুভূতি ভালভাবে টের পাওয়া যাবে।

এদিকে ঠান্ডার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে বলেই পূর্বাভাস। ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে। অনেক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। রাজ্য জুড়ে আগামী কয়েক দিনে বৃষ্টি বা মেঘের কোনও সম্ভাবনা নেই।

Show Full Article