ডিভোর্সের পর ফের বিয়ে, ভারতে এসে হিন্দু মতে মন্দিরে বিয়ে করলেন জাপানি দম্পতি
ভারতে এসে হিন্দু মতে ফের বিয়ে করলেন এক জাপানি বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতি। ২ জন ফের বিয়ের সিদ্ধান্ত নেন। আর সেই বিয়ে করলেন ভারতে এসে হিন্দু মতে।
বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০২২ সালে। তারপর আবার তাঁরা মিলিত হন। ফের বিয়ে করে সংসার করার সিদ্ধান্ত নেন। এরমধ্যেই তাঁরা জাপান থেকে ভারতে হাজির হয়েছিলেন তাঁদের এক ভারতীয় বন্ধুর বিয়েতে।
লখনউ শহরে হওয়া সেই বিয়েতে হাজির হয়ে বিবাহবিচ্ছেদ হওয়া ওই জাপানি দম্পতি ফের বিয়েটা হিন্দু মতে করার সিদ্ধান্ত নেন। সেইমত সব ব্যবস্থাও হয়।
লখনউয়ের গোমতী নগরে রাধাকৃষ্ণ মন্দিরে বিয়ের ব্যবস্থা হয়। সেখানেই একেবারে হিন্দু মতে সিঁদুর পরিয়ে মালাবদল করে দ্বিতীয় বিয়ে হয় জাপানের ওই দম্পতির। উপস্থিত ছিলেন তাঁদের ভারতীয় বন্ধু এবং তাঁদের পরিচিতরা।
দম্পতির পরনের পোশাকও ভারতীয় বরবধূর মতই ছিল। বরের পরনে ছিল কুর্তা পাজামা। কনের পরনে ছিল সালোয়ার কুর্তা। অগ্নিসাক্ষী করে হয় বিয়ে। সাতপাকও নেওয়া হয় রীতি মেনে।
একে অপরকে মালা পরিয়ে দেন দম্পতি। তাঁদের এই দ্বিতীয় বিয়ের সাক্ষী হয় তাঁদের ৩ সন্তানও। ৩ সন্তানের উপস্থিতিতেই বিয়ে করেন তাঁদের বাবা মা।
ভারতীয় বিয়ের অনুষ্ঠান ও রীতিতে বিমোহিত ওই জাপানি দম্পতি অনেক দিন ধরেই ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট। সেই টান থেকেই তাঁরা তাঁদের দ্বিতীয় বিয়েটা হিন্দু রীতি মেনে করার সিদ্ধান্ত নেন। যাতে সাহায্য করেন তাঁদের ভারতীয় বন্ধু। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে।











