National

সাহিত্যের ইতিহাস জানতে এবার যেতে হবে পার্কে, প্রয়াগে তৈরি হচ্ছে অভিনব উদ্যান

শহরের সাহিত্যের ইতিহাস জানতে কোনও বই বা পাঠাগারে যেতে হবেনা, যেতে হবে একটি পার্কে। ত্রিবেণী সঙ্গমের ধারের শহরে তৈরি হচ্ছে প্রায় ১২ কোটির সাহিত্য তীর্থ।

ভারতের যে কোনও প্রাচীন শহরের সঙ্গেই জড়িয়ে আছে তার প্রাচীন সংস্কৃতি ও সাহিত্য। তেমনই একটি শহরে এবার তৈরি হচ্ছে একটি অভিনব ভাবনার পার্ক। শহরের সংস্কৃতি ও সাহিত্য সম্বন্ধে জানতে কোনও পাঠাগার বা কোনও বইয়ের দোকানে নয়, এবার যেতে হবে এই পার্কে।

পার্কে বেড়ানোও হবে আবার শহরের সাহিত্যের ইতিহাসও জানা হয়ে যাবে। পড়ুয়া থেকে সব বয়সের মানুষের জন্যই এই পার্ক এক আকর্ষণ হতে চলেছে।

ভারতের প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম প্রয়াগরাজ। যা আগে এলাহাবাদ বলে পরিচিত ছিল। এই প্রয়াগরাজে যমুনা নদীর ধারে তৈরি হচ্ছে একটি পার্ক। একটি সাহিত্য পার্ক। যার নাম হচ্ছে সাহিত্য তীর্থ।

সাড়ে ৪ একর জমির ওপর তৈরি এই পার্কটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১২ কোটি টাকা। কাজ পুরোদমে চলছে। ফলে আগামী বছরের শুরুর দিকেই হয়তো সাধারণের জন্য খুলে যেতে পারে এই পার্কের দরজা। যা কেবল ত্রিবেণী সঙ্গমের শহরের মানুষের জন্যই নয়, পর্যটকদের কাছেও এক অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

পার্কটির মধ্যে দেখা যাবে সরস্বতী প্যাভিলিয়ন। যেখানে ১৬ জন হিন্দি সাহিত্য ব্যক্তিত্বের মূর্তি থাকবে। এছাড়া থাকবে একটি বিশাল লাইব্রেরি বা পাঠাগার।

থাকবে একটি কনভেনশন হল। থাকবে ত্রিবেণী অ্যাম্ফিথিয়েটার। যেখানে নানা অনুষ্ঠান আয়োজিত হবে। সাহিত্য তীর্থে থাকছে আরও নানা কিছু। যা মানুষকে আকর্ষিত করবে।

Show Full Article