Feature

শিশুপুত্রকে তার ঠাকুমার ঠিকানায় ডাক মারফত পাঠিয়েছিলেন এক দম্পতি, সে এক ইতিহাস মার্কিন দেশের

ডাক মারফত চিঠি আদানপ্রদান হয়। জিনিসপত্রও পাঠানো যায়। তা বলে শিশুসন্তান। সেটাই কিন্তু হয়েছিল। এক মার্কিন দম্পতি ডাক মারফত সন্তানকে তার ঠাকুমার কাছে পাঠিয়েছিলেন।

ইন্টারনেটের যুগে ডাকবিভাগের প্রয়োজনীয়তা ক্রমশ কমছে। চিঠি পাঠানো তো প্রায় ইতিহাসে পরিণত হয়েছে। জিনিসপত্র অবশ্য পার্সেল পরিষেবাকে কাজে লাগিয়ে আদানপ্রদান হয়।

কিন্তু একসময় মানবশিশুও ডাক মারফত পৌঁছে গিয়েছিল তার ঠাকুমার ঠিকানায়। ডাকবিভাগ সেই শিশুপুত্রের পার্সেল ঠিকমত পৌঁছেও দিয়েছিল। যা এক ইতিহাস হয়ে রয়ে গেছে।

১৯১৩ সালে মার্কিন মুলুকে ডাকবিভাগ পার্সেল পরিষেবা চালু করে। সেই বছরই জানুয়ারি মাসে ওহিও-র বাসিন্দা এক দম্পতি তাঁদের ৮ মাসের শিশুপুত্রকে ডাকবিভাগের পার্সেলের সুবিধা কাজে লাগিয়ে তার ঠাকুমার ঠিকানায় পাঠান।

ভুল হয়নি ডাকবিভাগেরও। ঠিকঠাক করে বাঁধা পার্সেলে ওই শিশুকে সঠিক ঠিকানায় পৌঁছে দেয় ডাকবিভাগ। মানবশিশুও যে একসময় ডাকবিভাগের পার্সেলে অন্য ঠিকানায় পৌঁছে যায় তার উদাহরণ হয়ে আছে এই ঘটনা।

আর শুধু এই ঘটনা বলেই নয়। সেইসময় একাধিক এমন ঘটনা ঘটে। এজন্য পার্সেলের যে চার্জ তা গুনতেও হয় প্রেরককে। কিন্তু ট্রেনে করে বা অন্য কোনও যানে শিশুকে ঠাকুমার কাছে পোঁছে এলেই তো পারতেন ওই দম্পতি।

মনে করা হয় সে সময় শিশুটিকে পোঁছতে ট্রেনের টিকিট কেটে যেতে আসতে যা খরচ হত তার চেয়ে অনেক কম খরচে ডাক বিভাগের পার্সেল পরিষেবা কাজে লাগিয়ে সন্তানকে ঠাকুমার কাছে পৌঁছনোর সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন ওই দম্পতি। পার্সেলে শিশুদেরও নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার আমেরিকার এই ঘটনা ইতিহাস হয়ে আছে।

Show Full Article