সিমেন্ট ব্যবহার না করেও বাড়ি তৈরি হয়, তুলুনাড়ুর প্রাচীন পরম্পরা আজও অটুট
ভারতে প্রাচীন এমন অনেক কিছু রয়েছে যা আধুনিকতাকেও হার মানায়। পরিবেশ বান্ধব তুলুনাড়ুর সিমেন্ট ব্যবহার না করে তৈরি বাড়ি আজও নিজের ধারা ধরে রেখেছে।
শহরে যাঁরা থাকেন তাঁরা সিমেন্ট, কংক্রিটের বাসস্থল দেখেই অভ্যস্ত। সিমেন্ট ছাড়াও যে বাড়ি হতে পারে তা তাঁদের ধারনার বাইরে। কিন্তু রীতিমত দেওয়াল, ছাদের সুদর্শন বাড়ি ভারতের একাংশে প্রাচীন সময় থেকেই তৈরি হত। তা টেকসই হত। পরিবেশ বান্ধব হত।
ভারতের তুলুনাডুতে এমন বাড়ি তৈরি বহুদিন ধরে চলে আসছে। তুলুনাড়ুর এই সিমেন্ট ছাড়া মাটি দিয়ে তৈরি বাড়ি কেবল ভারত বলেই নয়, বিশ্বের নানা প্রান্তেও আলোচিত হয়ে এসেছে।
এবার সেই তুলুনাড়ুর সিমেন্ট ছাড়া বাড়ি নিয়ে শুরু হল একটি প্রদর্শনী। যেখানে শহরে থাকা মানুষও এই বাড়ি দেখার ও সেগুলির নির্মাণশৈলী সম্বন্ধে জানার সুযোগ পাবেন।
এক্ষেত্রে এটা জানা আগে দরকার যে তুলুনাড়ু জায়গাটা কোথায়? তামিলনাড়ুর সঙ্গে কিছুটা সাদৃশ্য থাকলেও এটি সেখানে নয়। বরং কর্ণাটকের উপকূলীয় এলাকা, উদিপি, মেঙ্গালুরু এবং কেরালার কাসারগোড় এলাকা নিয়ে তুলুনাড়ু।
এখানকার মানুষ তুলু ভাষায় কথা বলেন। যা একটি প্রাচীন দ্রাবিড়ীয় ভাষা। এই ভাষার নাম থেকেই তুলুনাড়ু। তুলুনাডুর বাসিন্দারা মাটির বাড়ি তৈরিতে অভ্যস্ত। যে বাড়ি তৈরি করতে কোনও সিমেন্ট ব্যবহার হয়না।
এখানে ল্যাটেরাইট মাটির অভাব নেই। তাই বাড়িগুলি সেই মাটি দিয়ে তৈরি হয়। বাড়িগুলি নেহাত ছোট হয়না। জানালা, দরজা সবই থাকে। চালটা অনেকক্ষেত্রে টালি বা কোনও লম্বা ঘাস বা খড় দিয়ে হয়ে থাকে। ঘরের ছাদ, মেঝে এবং দেওয়ালের প্লাস্টার সবই হয় মাটি দিয়ে। প্রচুর বৃষ্টিতেও এ বাড়ির ক্ষতি হয়না।
বিশ্ব হেরিটেজ সপ্তাহ উপলক্ষে এই তুলুনাড়ুর সিমেন্ট ছাড়া মাটির বাড়ির প্রদর্শনী চলছে মেঙ্গালুরুতে। যা তুলুনাড়ুর প্রাচীন পরম্পরা, সেখানকার বাড়ি তৈরির বিশেষ পদ্ধতির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করল।











