দুর্বল হয়ে গেল ঘূর্ণিঝড় আকভান, পশ্চিমবঙ্গে বৃষ্টি কতদিন চলবে, পূর্বাভাস পাওয়া গেল
স্থলভাগে প্রবেশের পর দ্রুত দুর্বল হয়ে গেল ঘূর্ণিঝড় আকভান। আকভানের জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টি আর কতদিন চলবে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করার আগেই কিছুটা শক্তি হারিয়েছিল ঘূর্ণিঝড় আকভান। স্থলভাগে প্রবেশের পর দ্রুত তা আরও শক্তিক্ষয় করতে থাকে। খুব কম সময়ের মধ্যেই তা এখন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
এদিকে আকভান পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রবল বৃষ্টি পেয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের পর শনিবারও সকাল থেকে আকাশ মেঘে ঢাকা থেকেছে। বৃষ্টিও হয়েছে অল্প পরিমাণে।
আবহাওয়া দফতর জানাচ্ছে আকভান দুর্বল হয়ে গেলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বৃষ্টি মাঝেমধ্যে হলেও শনিবার বিকেলের পর থেকেই আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। রবিবার আরও পরিস্কার হবে আকাশ।
দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার হয়ে যাবে। আকাশ পরিস্কার হয়ে গেলে পারদ পতন ফের শুরু হবে। পাওয়া যাবে শীতের আলতো পরশ।
ঘূর্ণিঝড় আকভান ওড়িশার গোপালপুর দিয়ে স্থলভাগে প্রবেশের পর দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপের আকার নেয়। ওড়িশার ওপর নিম্নচাপটি অবস্থান করছিল।
এদিকে আকভানের কারণে বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ওড়িশা সরকার। অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতিতে কোনও ফাঁক রাখেনি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সরকার। তবে দুর্যোগের মাত্রা সেই জায়গায় পৌঁছয়নি।











