State

কুম্ভ মডেলে হেঁটে ঢেলে সাজছে গঙ্গাসাগর মেলা চত্বর, বাড়ছে মেলা প্রাঙ্গণ

কুম্ভমেলার মডেলে হেঁটে ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা ঢেলে সাজছে। মেলা প্রাঙ্গণ বাড়ানো হচ্ছে। ৩০০ পরিবারের থাকার ব্যবস্থাও পাকা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছরই পুণ্যার্থীদের ঢল নামে। মকরসংক্রান্তির দিন গঙ্গাসাগরে পুণ্যস্নানে অংশ নেন বহু মানুষ। এবার সেই গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে।

গঙ্গাসাগর মেলা চত্বরকে আড়াই গুণ বাড়ানো হচ্ছে। যাতে আরও বেশি সংখ্যক পুণ্যার্থীকে জায়গা দেওয়া সম্ভব হয়। দেশি বিদেশি পর্যটকেরাও যাতে মেলায় আরও ছড়িয়ে ঘোরার সুযোগ পান।

গঙ্গাসাগরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে কুম্ভমেলার মডেলকে সামনে রাখছে রাজ্যসরকার। কপিল মুনির আশ্রমের কাছে রয়েছে ৬ ও ৭ নম্বর ঘাট। এই অংশ জুড়ে মেলা চত্বরকে আরও ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

গঙ্গাসাগরে আগত মানুষজনের জন্য আরও বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। পানীয় জলের সুবন্দোবস্ত, চলাফেরার পথ সুন্দর করে তোলা, বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে।

গঙ্গাসাগরের কাছে অনেক মৎস্যজীবী পরিবার রয়েছে যারা শুকনো মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। এমন ৩০০ পরিবারের গঙ্গাসাগরে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা পাকা করার ব্যবস্থাও শুরু হয়েছে।

এখানে ধাবলাত গ্রাম পঞ্চায়েতের অধীন শৌঘেরি নামে জায়গায় এঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এখন এই পরিবারগুলি পৌষসংক্রান্তির সময় যখন গঙ্গাসাগর মেলা হয় তখন এখান থেকে চলে যান। তারপর মেলা সমাপ্তির পর ব্যবসার প্রয়োজনে এখানে ফিরে আসেন।

আগামী দিনে তাঁদের যাতে এভাবে চলে না যেতে হয় তার ব্যবস্থার চেষ্টা চলছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাকে সবরকম সুবিধা দিয়ে মুড়িয়ে দিয়ে আন্তর্জাতিক মাপকাঠিতে তুলে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ত্রুটি রাখছে না রাজ্যসরকার।

Show Full Article