National

১০০ বছর পর আবার ফিরে এল মাইক্রো মথ, পতঙ্গের দেখা মিলল গিবনের জঙ্গলে

১০০ বছর আগে শেষ দেখা গিয়েছিল তাদের। তারপর আবার তার দেখা পাওয়া গেল। শতবর্ষ পর গিবনের জঙ্গলে তাদের দেখা পাওয়ায় উচ্ছ্বসিত বিশেষজ্ঞেরা।

দুর্গাপুজোর সময় বা তার ঠিক পর বাঙালিদের বাড়িতে একটি পতঙ্গের দেখা প্রায়ই পাওয়া যায়। মথ নামে সেই পতঙ্গ কোনও অচেনা বা অদেখা প্রাণি নয়। কিন্তু এমন একধরনের মথও ছিল যাকে প্রায় দেখাই যেত না। কারণ তাদের ডানার মাপ ছিল অতি ক্ষুদ্র।

মাত্র সাড়ে ৬ মিলিমিটার মাপের ডানা হওয়ায় তাদের দেখতে পাওয়াই কঠিন ছিল। ১৯২৩ সালে এই মথের শেষবার দেখা যাওয়ার নথি রয়েছে। তারপর থেকে এই তথাকথিত মাইক্রো মথের দেখা পাওয়া যায়নি।

এরপর পার হয়ে গেছে ১০০ বছর। অবশেষে ২০২৬ সালে পৌঁছে ফের সেই বিরল মথের দেখা পাওয়া গেল ভারতের জঙ্গলে। যা সাধারণ মথের চেহারার নয়। কারণ সাধারণ মথ দূর থেকেও নজরে পড়তে সমস্যা হয়না।

অসমের জোরহাটে অবস্থিত হোলোঙ্গাপার গিবন অভয়ারণ্য বিখ্যাত সেখানকার গিবন প্রজাতির বাঁদরের জন্য। যা দেখতে বহু মানুষ সেখানে হাজির হন। সেই জঙ্গলে বিশেষজ্ঞেরা এই মথের দেখা পেয়েছেন। যা তাঁদের অবাকও করেছে। উচ্ছ্বসিতও করেছে।

১০০ বছর পরে যে তাদের আবার দেখা পাওয়া যাবে তা বোধহয় বিশেষজ্ঞরাও ভাবতে পারেননি। এ মথকে বৈজ্ঞানিকরা চেনেন গ্লিফিপটেরিক্স ব্রিভিমুক্রোনাতা নামে।

এই প্রজাতির অতি ক্ষুদ্র এক পুরুষ মথের দেখা পাওয়া গেছে জঙ্গলে। বিশেষজ্ঞদের মতে, এই মথ আবার দেখতে পাওয়া ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাণি বৈচিত্র্যের ভান্ডারকে সমৃদ্ধ করল।

Show Full Article