National

নর্মদায় পাওয়া গেল ২৫ লক্ষ বছর পুরনো হাতির চোয়াল ও দাঁত, তবে এ হাতি চেনা হাতি নয়

নর্মদায় এবার পাওয়া গেল হাতির করোটির অংশ। যার বয়স ২৫ লক্ষ বছর। এখন যে হাতি দেখে সকলে অভ্যস্ত এ হাতি সে হাতি নয়।

একটা হাতির চেহারা সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। সেই হাতির একটি প্রজাতির করোটির একটা অংশের দেখা পাওয়া গেল মধ্যপ্রদেশের রায়সেনের পাতাই ঘাট এলাকায়।

নর্মদা নদীর মাটিতে গেঁথে থাকা একটি করোটি প্রত্নতাত্ত্বিকদের নজর কেড়ে নিয়েছে। সেটি যে একটি হাতির মাথা তা বিশেষজ্ঞদের কাছে পরিস্কার। তবে এ হাতির করোটি এখনকার চেনা হাতির নয়।

২৫ লক্ষ বছর আগে নর্মদা উপত্যকায় এই প্রজাতির হাতির বাস ছিল। যাদের বিজ্ঞানীরা চেনেন স্টেগোডোন ইনসাইনিস গানেসা নামে। এই প্রাগৈতিহাসিক হাতির করোটির একটি অংশ পাওয়া গেছে।

চোয়াল ও ২ পাটি দাঁত অত্যন্ত ভাল অবস্থায় উদ্ধার হয়েছে। তবে করোটির বাকি অংশ মাটিতে গাঁথা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যা খননকার্যের পরই পাওয়া যেতে পারে।

তবে যা পাওয়া গেছে তা পরীক্ষা করলে প্রাগৈতিহাসিক ভারতের এই অংশের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানা যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই এই হাতির চোয়াল ও দাঁত পরীক্ষার কাজ শুরু হয়েছে।

মধ্য ভারতে একসময় এই প্রাগৈতিহাসিক হাতির বাস ছিল। তারপর একসময় তারা হারিয়ে যায়। কেন হারিয়ে গিয়েছিল? সে সময় মধ্য ভারতের পরিস্থিতি কেমন ছিল? এমন অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

যে তথ্য সেই সময়ের ওপর আলোকপাত করতে পারে। ওই হাতির করোটির যে অংশ পাওয়া গেছে সেই নিদর্শন ভোপালে ভাল করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Show Full Article