SciTech

চাঁদের মাটিতে ফলানো হল আলু, মহাকাশচারীদের খাবারের চিন্তা দূর করতে উদ্যোগ

চাঁদের মাটিতে আলু ফলল। পৃথিবীর বাইরে ফলন সম্ভব কিনা তা নিয়ে চর্চা চলছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনেও চাষ করা হয়েছে। এবার আলু ফলানো হল চাঁদের মাটিতে।

আগামী দিনে আরও বেশি দিনের জন্য মহাকাশে পাড়ি দেবেন মহাকাশচারীরা। পৃথিবীর অনেক দূর দূরান্তে পৌঁছে যাবেন। আবার পৃথিবীর মত মানুষের বাসের জন্য চাঁদ ও মঙ্গলগ্রহ নিয়ে ভাবনাচিন্তাও চলছে।

কিন্তু প্রশ্ন হল খাদ্য। খাবার আসবে কোথা থেকে? কতটাই বা আর পৃথিবী থেকে মহাকাশযানে চাপিয়ে খাবার সরবরাহ সম্ভব। তাই দরকার বিকল্প ব্যবস্থা। অরিগন স্টেট ইউনিভার্সিটি-র গবেষকেরা গবেষণার প্রয়োজনে হুবহু চাঁদের মাটি তৈরি করেছিলেন।

চাঁদের আবহাওয়া তৈরি করা হয় কৃত্রিমভাবে। চাঁদের মাধ্যাকর্ষণ তৈরি করা হয়। সবদিক থেকে চাঁদের অবস্থা ও মাটি তৈরি করা হয় গবেষণাগারে।

তারপর সেখানে আলু চাষের চেষ্টা হয়। দেখা গেছে দ্রুত ফলনশীল আলু সেই মাটিতে সফলভাবে ফলেছে। কেবল মাটিতে মেশানো হয়েছিল কিছু জৈব পদার্থ।

চাঁদের মাটিতে যদি জৈব পদার্থ মিশ্রিত করে আলু চাষ করা যায় তাহলে সেখানে আলুর ফলন সম্ভব বলেই এই পরীক্ষার পর মনে করছেন বিশেষজ্ঞেরা। এই গবেষণাপত্রটি এনপিজে মাইক্রোগ্র্যাভিটি নামে একটি জার্নালে প্রকাশিতও হয়েছে।

নাসার সহায়তায় হওয়া এই পরীক্ষা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। আগামী দিনে চাঁদে গবেষণার প্রয়োজনে দীর্ঘসময় ধরে থাকার ব্যবস্থা হচ্ছে।

সেখানে যদি আলু ফলানো যায় বা আরও অন্য ফসল ফলানো সম্ভব হয় তাহলে তা কিন্তু মানুষের চাঁদে বসবাসের স্বপ্নকে আরও কিছুটা এগিয়ে দেবে। বিভিন্ন সংবাদমাধ্যমে এই গবেষণাগারে চাঁদের মাটি তৈরি করে সেখানে আলুর ফলনের কথা প্রকাশিত হয়েছে।

Show Full Article