নর্মদায় ভেসে স্ট্যাচু অফ ইউনিটি দেখার সঙ্গে নানা বিনোদনের আনন্দ নিয়ে হাজির একতা ক্রুজ
একতা ক্রুজে জলবিহারে যেমন স্ট্যাচু অফ ইউনিটি দেখা, প্রকৃতি দেখার সুযোগ থাকছে, তেমনই সঙ্গে থাকছে বিনোদনের হাজারো ব্যবস্থা।
একেই বোধহয় বলে রথ দেখা কলা বেচা। এ প্রবাদের সঙ্গে বাস্তবকে মিলিয়ে দিচ্ছে একটি জলবিহার। পর্যটকদের কথা মাথায় রেখেই শুরু হয়েছে একতা ক্রুজে নর্মদা সফর।
নর্মদার জলে ভেসে পড়ার আনন্দ যেমন রয়েছে তেমনই থাকছে জলের মাঝখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখার সুযোগ। গুজরাটের একতা নগরে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের অতিকায় ভাস্কর্য। যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকেও পর্যটকরা হাজির হন।
এছাড়া এখানে নর্মদার চারধারের প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে দেওয়ার মতন। এই সবকিছু একসঙ্গে নর্মদার জলে ভেসে দেখার সুযোগ এক অনন্য অনুভূতি। সেটাই এবার চুটিয়ে উপভোগ করছেন পর্যটকেরা।
একতা ক্রুজ প্রতিদিন ৫টি করে ট্রিপ করছে পর্যটকদের নিয়ে। বিশ্বমানের ক্রুজে রয়েছে ৫০০ জনের বসার ব্যবস্থা। শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত এই ক্রুজে জলবিহারে রয়েছে খাওয়াদাওয়ার ব্যবস্থা। আবার এই ক্রুজের একটি সফর হচ্ছে সন্ধের পর। এটি অন্য ট্রিপগুলির থেকে আলাদা।
সন্ধের একতা ক্রুজে বাড়তি পাওনা ডিনারের ব্যবস্থা। সঙ্গে নাচগান বিনোদনের ভরপুর বন্দোবস্ত রয়েছে পর্যটকদের জন্য। নর্মদার বুকে ভেসে একতা ক্রুজ পর্যটনকে আরও গতি দিয়েছে।
স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসা মানুষজনের জন্য এবার এখানে বেড়ানোর তালিকায় নতুন সংযোজন একতা ক্রুজ। গুজরাট পর্যটন এই একতা ক্রুজ সফরের ব্যবস্থা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











