National

রাত ১০টার পর বর এলে বিয়েবাড়িতে আর খাবার পরিবেশন করা হবেনা, উপত্যকায় ক্ষুব্ধ রাঁধুনিরা

রাত ১০টা বাজার পরও যদি বর কনের বাড়িতে বিয়ে করতে হাজির না হন তাহলে তাঁরা আর পরিবেশন করবেননা। সাফ জানিয়ে দিলেন উপত্যকার রাঁধুনিরা।

তাঁরা ক্ষুব্ধ। অনেক দিন ধরেই ক্ষোভটা দানা বাঁধছিল। এবার তা কার্যত ফেটে বার হল। ক্ষোভ জমতে থাকার জেরে অবশেষে সব রাঁধুনি জোটবদ্ধ ভাবে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁদের অ্যাসোসিয়েশনের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন যদি কোনও বিয়েবাড়িতে বর বিয়ে করতে আসতে রাত ১০টা বাজিয়ে দেন তাহলে সেখানে ১০টার পর আর তাঁরা পরিবেশনের দায়িত্ব নিতে পারবেননা। এই সিদ্ধান্ত নিয়েছেন কাশ্মীরের পারম্পরিক খাবার ওয়াজওয়ান তৈরির সঙ্গে যুক্ত রাঁধুনি বা ওয়াজা-রা।

কাশ্মীরের পারম্পরিক খাবার হল ওয়াজওয়ান। যারমধ্যে নানাধরনের পদ থাকে। অনেক সময় পদের সংখ্যা ৩০-ও পার করে যায়। তবে এই ওয়াজওয়ানের বিশেষত্ব হল এর সিংহভাগই মাংসের পদ। সে ভেড়া হতে পারে, ছাগল হতে পারে, মুরগিও হতে পারে।

এই প্রতিটি মাংসের পদ রাঁধার বিশেষ নিয়ম আছে। পদ্ধতি আছে। যা অত্যন্ত সময় সাপেক্ষ। ফলে বিয়েবাড়িতে যদি ওয়াজওয়ান রান্নার বরাত নেন ওয়াজা বা ওয়াজওয়ান রান্নায় সিদ্ধহস্ত রাঁধুনিরা, তবে তাঁরা আগের রাত থেকে রান্নার তোড়জোড় শুরু করে দেন। তবেই পরদিন দুপুরে সে রান্না পরিবেশন করা সম্ভব হয়।

রাত থেকে ভোর হয়ে সকাল পার করে দুপুর। তবে রান্না খাবার পাতে রসনা তৃপ্তি করে। এবার আসে সন্ধে। রান্না চলতে থাকে। এদিকে অভিযোগ অনেক বিয়েবাড়িতেই বিয়ে করতে রাত ১০টা কেন মাঝরাতে এসে হাজির হন বর।

এভাবে ওয়াজা-দের শরীর চলেনা। অথচ বরের বাড়ির লোকজনকে তো ওয়াজওয়ান পরিবেশন করতে হয়। তাই তাঁরা এবার সাফ জানিয়ে দিয়েছেন, যে বিয়েবাড়িতে রাত ১০টার পর বর বিয়ে করতে আসবেন সেখানে তাঁরা আর ওয়াজওয়ান পরিবেশন করতে পারবেননা। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article