National

টিভি দেখার সময় ঘরে ঢুকে পড়ল একটি লেপার্ড, দেখে সঠিক পদক্ষেপ দক্ষিণী দম্পতির

তাঁরা ঘরে বসে টিভি দেখছিলেন। তখন প্রায় রাত ৯টা। এমন সময় তাঁদের ঘরে ঢুকে পড়ে একটি লেপার্ড। দেখে ভয় পেলেও যা করা উচিত তাই করলেন দম্পতি।

রাত প্রায় ৯টা। স্বামীস্ত্রী ঘরে বসে টিভি দেখছিলেন। অবসর সময় কাটাচ্ছিলেন ঘুমোতে যাওয়ার আগে। ঠিক সেই সময় তাঁদের হতবাক করে ঘরে ঢুকে আসে একটি লেপার্ড। ঘরে তখন ওই দম্পতি আর লেপার্ড।

লেপার্ডের সঙ্গে এঁটে তো ওঠা যাবেনা। বড় ক্ষতি হতেই পারে। লেপার্ড দেখে প্রাথমিকভাবে ভয় পেয়ে যান ২ জনেই। কিন্তু পরক্ষণেই স্বামীস্ত্রী ২ জনই যত দ্রুত সম্ভব ঘর থেকে পালান। শুধু ঘর থেকে বেরিয়েই যান না। তাঁরা ঘর থেকে বেরিয়ে ঘরের দরজাটিও বন্ধ করে দেন যাতে লেপার্ডটি বাইরে বেরিয়ে আসতে না পারে।

দম্পতির চিৎকারে গ্রামের মানুষজনও সেখানে হাজির হয়ে যান। খবর যায় পুলিশে। খবর যায় বন দফতরেও। বনকর্মীরা সেখানে হাজির হন। এদিকে লেপার্ডটি ঘরে আটকা পড়ে খাটের তলায় আশ্রয় নেয়। সেখানেই লুকিয়ে ছিল সে।

প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় বনকর্মীরা তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন। এরপর সেই লেপার্ডকে উদ্ধার করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমকুর জেলার বান্দিগোদানাপালিয়া গ্রামে।

গ্রামবাসীদের অভিযোগ, লেপার্ডটি গত ১ মাস ধরেই খাবারের সন্ধানে গ্রামে ঘোরাফেরা করছিল। ওই দম্পতির ঘরে ঢুকে পড়ার আগে সে একটি ছোট ছাগলও ধরেছিল। সেটিকে রেখে এসে তারপর ওই দম্পতির ঘরে ঢোকে সে। লেপার্ডটির ঘরে ঢোকার ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে।

Show Full Article