ভুটানে হিমবাহ ভেঙে উপচে পড়ল বিপুল জলরাশি, উত্তরবঙ্গে বন্যার সম্ভাবনা, বাড়ছে নদীর জল
ভুটানের একটি হিমবাহ ভেঙে তার থেকে তৈরি একটি দিঘি উপচে বেরিয়ে এল প্রচুর জলরাশি। যা ভুটান থেকে উত্তরবঙ্গে ঢুকে নদী উপচে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থার কাজ চলছে। বন্যা হলে যাতে মানুষকে সবরকম সাহায্য দেওয়া যায় সেজন্যও আগাম প্রস্তুতি শুক্রবার থেকেই শুরু হয়েছে।
ভুটানের গাসা জেলার শিন্তাফু দিঘি হিমবাহ গলিত জল থেকেই তৈরি। সেই দিঘিতে হিমবাহ ভেঙে প্রচুর জল বেড়ে যায়। আচমকা জল বেড়ে যাওয়ায় তা উপচে হুড়মুড়িয়ে নেমে আসে নিচের দিকে।
ভুটান থেকে আবার উত্তরবঙ্গে প্রবেশ করেছে তোর্সা, জলঢাকা, রায়ডাক এবং সংকোশ নদী। এদের মধ্যে সংকোশ নদীর ধারে বসবাসকারী মানুষজন বেশি চিন্তায়। কারণ ওই হিমবাহ ভাঙা জল ভুটানের মো ছু নদীতে জলস্ফীতির কারণ হয়েছে। আর এই মো ছু নদী আবার উত্তরবঙ্গে সংকোশ নামে পরিচিত।
ওই বিপুল জলরাশি ভুটান থেকে নেমে এসে উত্তরবঙ্গের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। মোকাবিলায় তৈরি প্রশাসন। সংকোশ নদীর ধারে বসবাসকারী মানুষজনকে নদীর ধার থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা বয়েছে।
এই জলরাশি কি কেবল উত্তরবঙ্গের ওপর প্রভাব ফেলতে চলেছে? ভুটানে কিছু হয়নি? এ প্রশ্নের উত্তর এখনও পরিস্কার নয়। ভুটানে এই জলরাশির উপচে পড়া কতটা ক্ষয়ক্ষতির কারণ হয়েছে তা পরিস্কার নয়।
তবে পুনাখার একটি জলসেচ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনাখা গাসা রাজপথের অনেক জায়গা জলের তোড়ে ভেসে গেছে। এদিকে উত্তরবঙ্গে এই জলরাশির কতটা প্রভাব পড়ে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।











