National

গঙ্গোত্রী থেকে কেদারতাল যাওয়ার পথে হারিয়ে গেলেন ৫ বাঙালি যুবক, মোট নিখোঁজ ৮

গঙ্গোত্রী থেকে তাঁরা যাত্রা করেছিলেন। গন্তব্য ছিল পাহাড়ি পথে কেদারতাল পৌঁছনো। কিন্তু মাঝপথে হারিয়ে গেলেন ৫ বাঙালি সহ ৮ জন।

গঙ্গোত্রী ১০ হাজার ২০০ ফুট উচ্চতায় অবস্থিত। সেখান থেকেই যাত্রা শুরু করেছিলেন ১২ জন। এরমধ্যে ১ জন শেরপা সহ ৩ জন সহযোগী ছিলেন। ছিলেন ৫ জন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা। বাকি ৩ জনের ২ জন লখনউয়ের বাসিন্দা। ১ জন উত্তরকাশীর বাসিন্দা।

এঁরা গঙ্গোত্রী থেকে পাহাড়ি পথে উপরের দিকে চড়ছিলেন। গন্তব্য ছিল কেদারতাল। যা ১৫ হাজার ৬০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি হিমবাহ থেকে তৈরি দিঘি।

ফলে ৫ হাজার ফুট পাহাড়ে চড়ার দরকার ছিল। সেই পথে তাঁরা এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু যখন তাঁরা ১৩ হাজার ফুটের কিছুটা উপরে ঠিক তখনই প্রবল তুষারঝড় শুরু হয়। তার সঙ্গে দোসর হয় তুষার ধস।

এই প্রবল প্রতিকূল আবহাওয়ার মাঝে পড়ে হারিয়ে যান ৮ জন। কেবল শেরপা ও তাঁর ৩ সহযোগী কোনওক্রমে নিজেদের রক্ষা করে গন্তব্যে পৌঁছতে পারেন।

সেখান থেকেই তাঁরা বাকি ৮ জনের নিখোঁজ হওয়ার কথা প্রশাসনকে জানান। শুরু হয় খোঁজ। কিন্তু বরফের তলায় কোথায় যে তাঁরা হারিয়ে গেছেন তা এখনও জানা যায়নি। উদ্ধারকাজে নেমেছে এসডিআরএফ। নজর রাখছে স্থানীয় প্রশাসন।

বাঁকুড়ার যে ৫ জন হারিয়ে গেছেন তাঁদের মধ্যে রয়েছেন শালবনীর বাসিন্দা রিন্টু মণ্ডল, উদয় ঘোষ, তাপস বাউরি এবং রতন ঘোষ। আর রয়েছেন কেশরা গ্রামের বাসিন্দা মনোজ খাওয়াস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিখোঁজদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্যসরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article