National

কাশীর অলিগলি ঘুরতে মিলবে সাইকেল ও ই-বাইক

কাশীতে বেড়াতে আসা পর্যটকদের জন্য এবার নতুন ব্যবস্থা। শহরের অলিগলি ঘুরে দেখার অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক হতে চলেছে।

বারাণসীর সরু গলিতে বেড়াতে গিয়ে বড় গাড়ি নিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই। এবার সেই সমস্যার সহজ সমাধান হতে পারে একটি সাইকেল। তবে শুধু সাধারণ সাইকেল নয়, সঙ্গে থাকছে ই-বাইকও। উত্তরপ্রদেশের বারাণসীতে চালু হয়েছে নতুন পাবলিক বাইক শেয়ারিং ব্যবস্থা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিষেবা শুরু করেছে বারাণসী পুরনিগম। প্রথম পর্যায়ে সিগরা, সারনাথ, কাছারি এবং ক্যান্টনমেন্ট এলাকায় মিলবে এই সুবিধা।

শহরের গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি হচ্ছে বিশেষ বাইক স্ট্যান্ড। প্রতিটি স্ট্যান্ডে ১০ থেকে ১৫টি ই-বাইক ও সাধারণ সাইকেল রাখার পরিকল্পনা রয়েছে।

বারাণসীর পুর কমিশনারের বক্তব্য, স্ট্যান্ডে থাকা কিউআর কোড মোবাইলে স্ক্যান করলেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সামান্য ভাড়া মিটিয়ে ব্যবহার করা যাবে সাইকেল কিংবা ই-বাইক। প্রতিটি বাইকে থাকছে জিপিএস ট্যাগ।

বারাণসীর বহু প্রাচীন গলি এতটাই সরু যে সেখানে বড় গাড়ি ঢোকানো কঠিন। অথচ এই গলিগুলিই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। নতুন ব্যবস্থায় গঙ্গার ঘাট দেখতে বা শহর ঘুরতে সুবিধা হবে বলে মনে করছে প্রশাসন। পাশাপাশি কমবে ব্যক্তিগত মোটরযানের ওপর নির্ভরতা। শরীরচর্চার সুযোগও মিলবে। দূষণ কমাতেও সাহায্য করতে পারে এই উদ্যোগ।

প্রশাসনের দাবি প্রতিদিন ৪ থেকে ৫ লক্ষ মানুষ কাশীতে আসেন। গঙ্গা আরতি, ঘাট দর্শন ও নৌকাভ্রমণের টানেই মূলত এই ভিড়। পর্যটক বাড়ার সঙ্গে বেড়েছে নৌকার সংখ্যাও। ৫ বা ৬ বছর আগে যেখানে ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০টি নৌকা, সেখানে এখন সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। বাইক শেয়ারিং সফল হলে শহরের আরও এলাকায় তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article